সুশাসন হলো এমন একটি আদর্শ শাসন ব্যবস্থা যা দুর্নীতিমুক্ত থেকে নিরপেক্ষভাবে আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানবাধিকার নিশ্চিত করে। এটি মূলত সরকারি সম্পদের সঠিক ব্যবহার, জনগণের অংশগ্রহণ এবং কার্যকর সেবা প্রদানের মাধ্যমে টেকসই উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী-পুরুষ নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষের সরাসরি বা উপযুক্ত প্রতিনিধিদের মাধ্যমে অংশগ্রহণের সুযোগ থাকা। বৈষম্যহীনভাবে সকল নাগরিকের জন্য আইনের নিরপেক্ষ প্রয়োগ এবং মানবাধিকারের যথাযথ সংরক্ষণ। সরকারের সিদ্ধান্ত, নীতি ও কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের অবাধ প্রবেশাধিকার থাকা এবং তথ্য গোপন না করা। সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি খাত ও সুশীল সমাজের সংস্থাগুলোর গৃহীত সিদ্ধান্তের জন্য সরাসরি জনগণের প্রতি দায়বদ্ধ থাকা। সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে সমাজের চাহিদা অনুযায়ী কার্যকরভাবে প্রাতিষ্ঠানিক সেবা প্রদান করা।
দেশে সুশাসন প্রতিষ্ঠায় দরকার জনবান্ধব প্রশাসন। কিন্তু এক্ষেত্রে রয়েছে আমাদের বড় ধরনের দুর্বলতা। কারণ, নানা কারণেই আমাদের গণপ্রশাসন এখনো পুরোপুরি গণমুখী ও পেশাদারী হতে পারেনি। মূলত, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমলারা সরকারের নীতিনির্ধারণ ও গৃহীত নীতি যথাযথভাবে বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করেন। আমলাতন্ত্রে স্থায়ী সরকারি কর্মকর্তারা দায়িত্ব বিভাজনের মাধ্যমে সরকারের সকল কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন। আমলারা জনপ্রতিনিধি নন বা ভোটের মাধ্যমে নির্বাচিতও হন না। ফলে রাজনৈতিক সরকারের পরিবর্তন হলেও আমলারা পদ হারান না। সঙ্গত কারণেই আমলাতন্ত্রে সরকার পরিচালনার ধারাবাহিকতা স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হয়।
আইন ও সাংবিধানিক শাসন প্রতিষ্ঠায় রয়েছে আমলাদের অতিগুরুত্বপূর্ণ ভূমিকা। এক্ষেত্রে আমলাদের ঐতিহাসিক অবদান থাকলেও একশ্রেণির দলবাজ সরকারি কর্মকর্তা-কর্মচারির কারণে আমলাতন্ত্র স্বকীয়তা হারিয়েছে বলেই মনে করা হয়। এজন্য আমাদের দেশের প্রচলিত নেতিবাচক রাজনীতি অনেকটাই দায়ী। আর রাজনৈতিক উদ্দেশ্যে আমলাদের ব্যবহার রাজনীতির সাথে সাধারণ মানুষের দূরত্ব সৃষ্টি করেছে। যদিও আমলা মানেই মন্দ শ্রেণির মানুষ এমনটা ভাবার কোন সুযোগ নেই। অনেক সৎ, যোগ্য ও প্রতিভাবান আমলাও রয়েছেন আমাদের গণপ্রশাসনে। যারা নিজ নিজ কর্মক্ষেত্রে অতি দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু অসৎদের প্রাবল্যে তারা খুব একটা সুবিধা করতে অতীতে পারেন নি; আর এখনো পারছেন না। যা এখন জনপ্রশাসনের জন্য দুষ্ট ক্ষত হয়ে দেখা দিয়েছে।
এক্ষেত্রে নানাবিধ কারণকে দায়ী করছেন গণপ্রশাসন সংশ্লিষ্টরা। তাদের অভিযোগ, আমলাতন্ত্রে মেধা ও যোগ্যতাভিত্তিক নিয়োগ সব সময় নিশ্চিত করা যাচ্ছে না। পরীক্ষা পদ্ধতির মধ্যে রয়েছে বড় ধরনের ত্রুটি-বিচ্যুতি। নিয়োগের ক্ষেত্রে নৈতিক মূল্যবোধ যাচাইয়ের প্রক্রিয়া রাখা হয় না। ফলে অনেক ক্ষেত্রে যোগ্যপ্রার্থী যাচাইয়ের সুযোগ থাকলেও শুধুমাত্র মূল্যবোধের অভাবে দায়িত্ব পালনে তারা পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বাজায় রাখতে পারেন না। যা আমাদের দেশের জনপ্রশাসনের সবচেয়ে বড় দুর্বলতা।
এমতাবস্থায় ত্রুটিপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে যারা পরীক্ষায় বিভিন্ন স্তর পাস করে সরকারের বিভিন্ন ক্যাডারে যোগ দিয়েছেন বা দিচ্ছেন, তারা সবাই প্রত্যাশিত মাত্রায় যোগ্যতা নিয়ে আসতে পারছেন না। ফলে গণপ্রশাসনে যোগ্য, প্রজ্ঞাবান ও মূল্যবোধসম্পন্ন কর্মকর্তার সঙ্কট সৃষ্টি হয়েছে। এর অর্থ এ নয় যে, বর্তমানে আমলাতন্ত্রে যারা কাজ করছেন তারা সবাই অযোগ্য। এদের মধ্যেও অনেক যোগ্য, প্রজ্ঞা ও প্রতিভাবান লোক রয়েছেন; কিন্তু আমলাতন্ত্রের ওপর অনাকাক্সিক্ষত রাজনৈতিক প্রভাবে যোগ্যরা স্তাবক আমলাদের চাপে কোণঠাসা হয়ে পড়ছেন। ফলে আমাদের অমলাতন্ত্র স্বকীয়তা হারাচ্ছে বলে অভিযোগ বেশ জোরালো। আর এটাই হয়তো বাস্তবতা।
রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা ও অপরিপক্কতার কারণে ক্রমান্বয়ে দেশ পরিচালনায় আমলারা অধিকতর প্রভাব বিস্তার করেছেন নিকট অতীতে। যদিও আগস্ট বিপ্লবের পর সে অবস্থার ঈষৎ পরিবর্তন হয়েছে। পতিত স্বৈরাচার আমলে অনেক অবসরপ্রাপ্ত আমলা আবার সরাসরি রাজনীতিতে যোগ দিয়ে দণ্ডমুণ্ডের কর্তা হিসাবে আবির্ভূত হয়েছেন। কারণ, প্রচলিত রাজনীতি প্রয়োজনীয় সংখ্যক যোগ্য রাজনীতিক তৈরি করতে পারছে না। ফলে রাজনীতিতে দুর্বৃত্তায়ন ও দুর্নীতি বৃদ্ধি পাওয়ায় সৎ, যোগ্য ও জনহিতৈষী রাজনৈতিক নেতারা কোনঠাসা হয়ে পড়েন। সরকারি নেতৃত্ব দুর্বল হওয়ায় সব সরকারি কাজে সরকার আমলাদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিলো। এমনকি সরকার স্বাধীনতা পদক প্রদানেও সাহিত্যবোদ্ধাদের পরিবর্তে ছিলো আমলানির্ভর। ফলে অবলীলায় বঞ্চিত হয়েছেন যোগ্য ও মেধাবী ব্যক্তিরা।
আর পতিত সরকারের আমলা তোষণ ও নির্ভরতার কারণেই ২০২০ এবং ২০২১ সালে যথাক্রমে রইজ উদ্দিন এবং আমির হামজাকে স্বাধীনতা পদক দিয়ে সমালোচনার মুখে তা প্রত্যাহার করতে হয়েছে। আবার সে সরকারের কিছু উদ্যোগ আমলাতান্ত্রিক অযোগ্যতা, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে। সবকিছু মিলে আমলাতন্ত্র বিষয়ে জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টি নতুন কিছু নয়। আর কিছু ঘটনা সে প্রশ্নকে আরো জোরালো ভিত্তি দিয়েছিলো। যা কোনভাবেই কাক্সিক্ষত ছিল না।
উদাহরণস্বরূপ অতীতের কিছু ঘটনা অবতারণা করা যায়। নবম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার স্বাধীনতার চার দশক পূর্তি উপলক্ষে একটি উদ্যোগ গ্রহণ করে। স্বাধীনতা যুদ্ধে যেসব বিদেশি নাগরিক আমাদের বিভিন্নভাবে সহায়তা করেছিলেন তাদের সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সে সময়ের মন্ত্রীপরিষদ বিভাগ এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ কাজ সম্পন্ন করে। উল্লেখ্য, ৩৩৮ ব্যক্তিসহ কয়েকটি সংগঠনকে এ সম্মাননা দেয়া হয়। এ সম্মাননায় অন্যান্য উপহারসামগ্রীর সঙ্গে ৩০ ভরি রুপা ও ২২ ক্যারেটের এক ভরি সোনা দিয়ে তৈরি একটি সুদৃশ্য স্মারক ক্রেস্টও প্রদান করা হয়। ২০১১ সালে শুরু করে তিন পর্বে এ সম্মাননা জানাবার কাজ ২০১৩ সালে শেষ হওয়ার পর এ প্রক্রিয়ায় দুর্নীতির প্রশ্ন ওঠে।
বিএসটিআই একটি ক্রেস্ট পরীক্ষা করে এতে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পায়। এবিষয়ে গঠিত তদন্ত কমিটি বাংলাদেশে বসবাসকারী ব্রিটিশ নাগরিক জুলিয়ান ফ্রান্সিসকে দেয়া মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা ক্রেস্টটি সংগ্রহ করে পরমাণু শক্তি কমিশন ও তাঁতিবাজারের বাংলা গোল্ড প্রাইভেট লিমিটেডে পরীক্ষা করায়। এ পরীক্ষায় ক্রেস্টটিতে সোনা বা রুপার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। পাওয়া গেছে তামা, দস্তা, পিতল, নিকেল। আর এ জালিয়াতির ঘটনার সাথে জড়িত ছিলেন তৎকালীন একশ্রেণির সরকারঘেঁষা দুর্নীতিবাজ আমলা।
অভিযোগ ছিলো সরকারি ‘আশ্রায়ন প্রকল্প’ নিয়েও। ২০২০ সালের অক্টোবর মাসে শুরু হওয়া এ প্রকল্পের উদ্দেশ্য ছিল ভূমিহীন নিঃস্ব মানুষকে দু’শতক জমির ওপর বিনা মূল্যে সেমিপাকা ঘর করে দেয়া। প্রথম পর্বে ১ লাখ ১৮ হাজার ৩৮০ জনকে এমন সুবিধা দেয়ার পর দেখা যায়, এ প্রকল্পে প্রশাসনের নিম্নপর্যায়ের কর্মকর্তারা স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যোগসাজশ করে এ ঘর তৈরিতে এমন দুর্নীতি করে যে, তৈরির পরই অনেক উপজেলায় নির্মিত ঘরের দেয়াল ধসে পড়ে। পরে তদন্ত হলে এ দুর্নীতির সত্যতা ধরা পড়ে। কিন্তু অজ্ঞাত কারণে এসব দুর্নীতিবাজ আমলাদের শাস্তির মুখোমুখি হতে হয়নি।
এসব ঘটনা থেকে প্রমাণিত হয়, রাজনৈতিক নেতৃত্বের জনবান্ধব ভালো প্রকল্পগুলোকে প্রশাসনের বিভিন্ন স্তরের দুর্নীতিবাজরা প্রশ্নবিদ্ধ করেছেন এবং সুযোগ পেলে তারা আগামী দিনেও একই কাজ করবেন। শুধু তাই নয়, দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনে যেসব আমলা নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পেয়েছিলেন তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত হয়ে প্রশাসনের গায়ে কালিমা লাগানোর অভিযোগ তো দিবালোকের মতই স্পষ্ট। ফলে পতিত ফ্যাসিবাদী আমলে একতরফা, দিনের ভোট রাতে এবং আমি-ডামী নির্বাচন হয়েছে। এক্ষেত্রে প্রধান অনুঘটনের ভূমিকা পালন করেছেন একশ্রেণির দলবাজ আমলা।
মূলত, রাজনৈতিক ব্যর্থতা ও নেতিবাচক রাজনীতির কারণে আমলাতন্ত্রের বড় ধরনের বিচ্যুতি ঘটেছে। ফলে আমাদের দেশের গণপ্রশাসন এখনো পুরোপুরি জনবান্ধব হয়ে ওঠতে পারেনি। আর আমলাতন্ত্রকে সেবামুখী ও জনবান্ধব করা একটি দীর্ঘ ও সময়সাপেক্ষ প্রক্রিয়া। এজন্য সর্বপ্রথমে আমলাদের যোগ্যতা সুনিশ্চিত করার জন্য শিক্ষাব্যবস্থায় হাত দেয়া সময়ের সবচেয়ে বড় দাবি। শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে পারলে যোগ্য ও মেধাবীরা আমলাতন্ত্রে প্রবেশ করতে পারবেন। তারপর শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে তাদের নিয়োগ পদ্ধতিতে। একই সাথে প্রার্থীর নৈতিক মূল্যবোধ মূল্যায়নের ব্যবস্থা থাকাও জরুরি। গোয়েন্দা সংস্থার মাধ্যমে প্রার্থীর পারিবারিক ঐতিহ্য ও মূল্যবোধও বিবেচনায় আনা দরকার।
রাজনৈতিক পরিচয়ের ধুয়া তুলে অনেক মেধাবীকেই চাকরির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদী আমলে। যা কোনভাবেই কাক্সিক্ষত ছিলো না। কিন্তু আগস্ট বিপ্লব ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন করে আশাবাদের সৃষ্টি হয়েছে। তাই পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন ক্যাডারে সরকারি কর্মকর্তা নিয়োগের কাজ করা পিএসসিকে সময়োপযোগী করে ঢেলে সাজিয়ে সেখানে মেধাবী, সততা ও দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগের সুযোগ সৃষ্টির আবশ্যকতা দেখা দিয়েছে। সরকার সংশ্লিষ্ট, সরকারঘনিষ্ঠ ও আত্মীয়স্বজনদের পিএসসির সদস্য না করে এ ক্ষেত্রে সৎ, যোগ্য, নিরপেক্ষ ও মেধাবীদের নিয়োগ দেয়া দরকার। পাবলিক সার্ভিস কমিশনকে স্বাধীনভাবে পেশাদারিত্বের সাথে সরকারি কর্মকর্তা বাছাইয়ের কাজ করতে দিতে হবে। সর্বোপরি কর্মকর্তাদের প্রশিক্ষণ ব্যবস্থাকে উন্নত ও আধুনিকীকরণ করাও খুবই জরুরি। সে ক্ষেত্রে তাত্ত্বিক ও শ্রেণিকক্ষের লেকচারের মধ্যে প্রশিক্ষণ কাজ সীমাবদ্ধ রাখা যাবে না। ফিল্ড ওয়ার্কের ব্যবস্থা বাড়িয়ে কর্মকর্তাদের বাস্তব জ্ঞানার্জনের সুযোগ দিতে হবে।
প্রশিক্ষণ যেন যুগোপযোগী হয় সে দিকে লক্ষ্য রাখা খুবই জরুরি। ব্রিটিশ আমলের ১৮৭৩ সালের পুলিশ আইনে পুলিশ চললে তাদের প্রশিক্ষণ দিয়ে কাজ হবে না বরং অন্তর্বর্তী সরকারের পুলিশ সংস্কার আইন অতিদ্রুত কার্র্র্যকর করে পুলিশ প্রশাসনকে জবাবদিহির আওতায় আনা দরকার। মূলত, আমলারা প্রজাতন্ত্রের কর্মচারী। জনগণের জানমালের নিরাপত্তাসহ সকল সমস্যার আইনি সমাধান দেয়া দায়িত্ব প্রশাসনের। অথচ প্রশাসনে ব্যাপকভাবে দুর্নীতি ছড়িয়ে পড়ায় জনমনে প্রশাসন নিয়ে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে। আর এ নেতিবাচক ধারণা দূর করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে সময়োপযোগী ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে প্রশাসনের সর্বস্তরে সেবামূলক পরিবেশ সৃষ্টি করা সময়ের দাবি। কী নির্বাচনের সময়, কী স্বাভাবিক সময়, প্রশাসকদের কিছুতেই অঘোষিত রাজনৈতিক ডিকটেশনে কাজ করা উচিত নয়। প্রশাসনকে দলীয়করণ করা রাষ্ট্রের জন্য কোন কল্যাণ বয়ে আনতে পারে না। যা ইতোমধ্যে দিবালোকের মতই স্পষ্ট হয়ে উঠেছে। বিষয়টি সংশ্লিষ্টরা যত তাড়াতাড়ি উপলদ্ধি করবেন ততই মঙ্গল।
আমলাদের কোন রাজনৈতিক পরিচয় থাকা ঠিক নয়। যে রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকবে, প্রশাসনযন্ত্রকে সে সরকারের গৃহীত পলিসি বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। কিন্তু প্রশাসনকে কোনভাবেই রাজনৈতিক বিতর্কে জড়িত হওয়া ঠিক হবে না। মূলত, আমলাতন্ত্রে দলবাজিই আমাদের দেশের আমলাতন্ত্রকে আসামীর কাঠগড়ায় দাঁড় করিয়েছে। ফলে প্রশাসন হারিয়েছে গণমুখী চরিত্র। এতে জনগণ তাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
আমাদের দেশে কতিপয় স্বার্থান্ধ আমলাদের দলবাজি একেবারে নতুন নয়। ১৯৯৬ সালে চাকরিবিধি লঙ্ঘন করে একদল আমলা ‘জনতার মঞ্চ’ তৈরি করে সেখানে সরকারবিরোধী বক্তৃতা করেছিলেন। কিন্তু তারা শাস্তির মুখোমুখি হওয়ার পরিবর্তে পুরস্কৃত হয়েছিলেন। আর এ ঘটনা আমাদের দেশের প্রশাসন ব্যবস্থার শৃঙ্খলা নষ্ট করেছে। যা আর স্বাভাবিক করা সম্ভব হয়নি। এমতাবস্থায় জনপ্রশাসনকে অরাজনৈতিক, নিরপেক্ষ, জনবান্ধব ও পেশাদার করার পরামর্শ এসেছে বিভিন্ন মহল থেকেই।
তবে জনপ্রশাসন বা আমলাতন্ত্র সংস্কারের জন্য জুলাই পরবর্তী অন্তর্বর্তী সরকার ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ জারি করেছে। সে সময় উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন ২০১৮ সংশোধন করে নতুন অধ্যাদেশ অনুমোদনের গেজেট আকারে জারি হয়েছে। জারিকৃত অধ্যাদেশে চারটি বিষয়কে অপরাধের আওতায় এনে তিনটি শাস্তির কথা বলা হয়েছে। এগুলো হলোÑ বরখাস্ত, অব্যাহতি এবং বেতন ও পদের গ্রেড কমিয়ে দেয়া। যেসব অপরাধের জন্য শাস্তি দেয়া যাবে সেগুলো হলো-অনানুগত্য দেখানো ও কাজে বাধা দেয়া, একক বা সমবেতভাবে কাজে অনুপস্থিত থাকা, কাউকে কাজ থেকে বিরত থাকতে উস্কানি দেয়া এবং কাউকে কাজ করতে বাধা দেয়া। অধ্যাদেশের সরকারি কর্মচারীদের আচরণ ও দণ্ড সংক্রান্ত বিশেষ বিধান সংক্রান্ত ধারায় বলা হয়েছে- কোনো সরকারি কর্মচারী যদি এমন কোনো কাজে লিপ্ত হন যা অনানুগত্যের শামিল বা যা অন্য কোনো কর্মচারীদের মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কাজে বাধা তৈরি করে তাহলে সেটি হবে একটি অসদাচরণ। এমন অপরাধের জন্য পদ বা বেতন গ্রেড অবনমিতকরণ, চাকরি হতে অপসারণ এবং এমনকি চাকরি থেকে বরখাস্ত করা যাবে। মূলত, ঘোষিত অধ্যাদেশটি জনপ্রশাসনে দলবাজি বন্ধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য খুবই সহায়ক হবে বলে মনে করছেন অভিজ্ঞমহল। এসব অধ্যাদেশকে আইনে পরিণত করতে সকল রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার জুলাই সনদ প্রণয়ন এবং গণভোটের আয়োজন করে। দেশের সিংহভাগ মানুষ জুলাই সনদের পক্ষে স্বতঃস্ফূর্ত রায় প্রদান করে। কিন্তু বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়নি। ফলে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার গঠন করেছে। কিন্তু একশ্রেণির আমলার কারণেই সে নির্বাচনও বিতর্ক মুক্ত হয়নি। কারণ, দেশের আমলাতন্ত্র এখনো অশুভ বৃত্ত থেকে বের হয়ে আসতে পারেনি। আর নির্বাচন যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি এক্ষেত্রে একজন সাবেক উপদেষ্টার আত্মস্বীকৃতিও রয়েছে। পতিত আওয়ামী বাকশালী আমলে নির্বাচনকে প্রভাবিত করা, দলবাজি ও বিতর্কিত ভূমিকার কারণে বর্তমান সরকার অনেক আমলা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠাচ্ছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, তারা বর্তমান প্রশাসনকেও দলবাজিমুক্ত করতে পারেনি। ফলে সমস্যা যে তিমিরে ছিলো সে তিমিরেই রয়ে যাচ্ছে।
মূলত, দেশে এমন একটি গণমুখী আমলাতন্ত্র ও প্রশাসন দরকার যে প্রশাসন কোনভাবেই রাজনৈতিক লেজুরবৃত্তি করবে না বরং দায়িত্ব পালনের ক্ষেত্রে শতভাগ পেশাদারিত্ব, সততা, নিরপেক্ষতা, প্রজ্ঞা ও গ্রহণযোগ্যতার মান রক্ষা করে চলবে। মনে রাখতে হবে, আমলাতন্ত্র ও সুশাসন একে অপরের পরিপূরক। তাই সুশাসন প্রতিষ্ঠা করে রাষ্ট্রকে নাগরিকবান্ধব করতে আমলাতন্ত্রে প্রয়োজনীয় সংস্কার সময়ের বড় দাবি। আর এ সংস্কারকে আইনি ভিত্তি দিতে জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের কোন বিকল্প নেই। অন্যথায় দেশে আইনের শাসন ফিরে আসবে না; স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ নতুন করে মাথাচাঁড়া দিতে পারে। www.syedmasud.com