বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) পরীক্ষা ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, নির্ভুল ও প্রযুক্তিনির্ভর করতে ‘মোবাইল-ভিত্তিক ই-অ্যাটেনডেন্স’ ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে মাস্টার ট্রেইনার ডেভেলপমেন্ট ও ব্যবহারিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাউবির ই-লার্নিং সেন্টারে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, 'বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় পরীক্ষা বিভাগকে অটোমেশনের আওতায় আনার কার্যক্রম এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় মোবাইলভিত্তিক ই-অ্যাটেনডেন্স চালু করা হয়েছে।'
তিনি বলেন, ই-অ্যাটেনডেন্সের মাধ্যমে পরীক্ষার্থীদের উপস্থিতি ও অনুপস্থিতির তথ্য দ্রুত ও নির্ভুলভাবে কেন্দ্রীয়ভাবে জানা যাবে। একই সঙ্গে ভুয়া পরীক্ষার্থী, বিভিন্ন ধরনের অনিয়ম এবং উপস্থিত থেকেও অনুপস্থিত দেখানোর মতো সমস্যা প্রতিরোধে এ ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে।
ভিসি আরও বলেন, শুধু ই-অ্যাটেনডেন্স নয়, ফলাফল প্রস্তুত ও প্রকাশ, পরীক্ষা গ্রহণ এবং অভিযোগ ব্যবস্থাপনাসহ পরীক্ষা বিভাগের বিভিন্ন কার্যক্রম পর্যায়ক্রমে অটোমেশনের আওতায় আনা হচ্ছে। শিক্ষার্থীদের সেবা সহজ ও দ্রুত করতে প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগও বাস্তবায়ন করা হচ্ছে। বাউবির পরীক্ষা ব্যবস্থাপনাকে আধুনিক ও জবাবদিহিমূলক করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ছড়িয়ে দিয়ে ই-অ্যাটেনডেন্স কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে মাস্টার ট্রেইনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। সমাপনী বক্তব্যে তিনি ডিজিটালাইজেশনের এ প্রক্রিয়া দ্রুত ও সফলভাবে বাস্তবায়নে মাস্টার ট্রেইনার ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ হাবিবুল্যাহ মাহামুদ। রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন বাউবির আইসিটি ইউনিটের প্রধান মোঃ মমিনুল ইসলাম ও প্রোগ্রামার সঞ্জীব কুমার সাহা।
প্রশিক্ষণে মোবাইল অ্যাপভিত্তিক ডিজিটাল ই-অ্যাটেনডেন্স সিস্টেমের কারিগরি দিক, ডাটা এন্ট্রি, রিয়েল-টাইম ভেরিফিকেশন এবং পরীক্ষা হলে উপস্থিতির তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণের বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখানো হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সায়মা আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. জাকির হোসেন তালুকদার।