কৌতূহলী তরুণদের অংশগ্রহণ, অর্থবহ আলোচনা এবং ব্যক্তিস্বাধীনতা বা লিবার্টির ধারণা নিয়ে প্রাণবন্ত মতবিনিময়ের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্টস ফর লিবার্টি বাংলাদেশ আয়োজিত ‘এসএফএল সম্বাদ’।
বুধবার (২৭ আগস্ট) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে সরকার ও রাজনীতি বিভাগের একটি কক্ষে ‘SFL Samvad’ শীর্ষক এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্টুডেন্টস ফর লিবার্টি বাংলাদেশের ন্যাশনাল কো-অর্ডিনেটর ফারজানা তায়্যিবা।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল অ্যাসোসিয়েট প্রফেসর মুহাম্মদ কামরুজ্জামানের আলোচনা। তিনি লিবার্টি বা ব্যক্তিস্বাধীনতার ধারণা, এর গুরুত্ব এবং ব্যক্তি ও সমাজজীবনে এর ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের সামনে বিভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
আলোচনায় বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে লিবার্টির ধারণার সম্পর্ক ব্যাখ্যা করেন তিনি। পাশাপাশি এ বিষয়ে বিভিন্ন প্রাসঙ্গিক আর্টিকেল ও ধারণা সহজভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা স্বাধীনতা, ব্যক্তিগত অধিকার এবং সমাজে লিবার্টির বাস্তব প্রয়োগ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা লাভের সুযোগ পান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, বিভিন্ন প্রশ্ন ও মতামত বিনিময় পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। স্বাধীনতা, অধিকার ও মুক্তচিন্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তরুণদের আগ্রহও এতে ফুটে ওঠে।
আয়োজকদের মতে, ‘SFL Samvad’-এর মতো আয়োজন তরুণদের মধ্যে মুক্ত আলোচনা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব এবং স্বাধীনতার ধারণা নিয়ে গভীরভাবে চিন্তা করার সুযোগ তৈরি করে। ভবিষ্যতেও তরুণদের জন্য এমন আরও অর্থবহ ও শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে স্টুডেন্টস ফর লিবার্টি বাংলাদেশ।