বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ মূল ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। এবারের গড় পাসের হার ৬৩ দশমিক ৭৪ শতাংশ।
এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় মোট ৩০ হাজার ৮১৬ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন ১২ হাজার ২৪ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৬৬৪ জন।
উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৪ হাজার ৭২৫ জন এবং ছাত্রী ২ হাজার ৯৩৯ জন।
বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ ফলাফলের গেজেট ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের কাছে হস্তান্তর করেন। পরে ভিসি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
ফল প্রকাশকালে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, 'বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে মূলধারার শিক্ষার বাইরে থাকা মানুষের জন্য শিক্ষার দ্বিতীয় সুযোগ সৃষ্টি করে যাচ্ছে। নকলমুক্ত, সুষ্ঠু ও আধুনিক পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি পরীক্ষা ও ফল প্রকাশ প্রক্রিয়াকে দ্রুততর ও প্রযুক্তিনির্ভর করতে বিশ্ববিদ্যালয় কাজ করছে।'
তিনি বলেন, এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফল মাত্র ৪৯ কার্যদিবসে প্রকাশ করা সম্ভব হয়েছে, যা ফল প্রকাশে দীর্ঘসূত্রতার পূর্ববর্তী ধারণা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি।
কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভিসি বলেন, যারা এবার উত্তীর্ণ হতে পারেনি, তাদের হতাশ না হয়ে পুনরায় পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষাজীবন অব্যাহত রাখতে হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষাব্যবস্থার পূর্ণাঙ্গ অটোমেশন, কিউআর কোডযুক্ত পরিচয়পত্র, ছবিযুক্ত প্রবেশপত্র এবং আগামী পরীক্ষায় ই-অ্যাটেনডেন্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ফল প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, পরীক্ষক, পরীক্ষা কমিটি, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্র, স্টাডি সেন্টার, পরীক্ষা বিভাগ, আইসিটি বিভাগ এবং গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান ভিসি। বাউবিকে আরও মানবিক ও গুণগত শিক্ষার বিশ্ববিদ্যালয় হিসেবে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
ফল প্রকাশ অনুষ্ঠানটি বাউবির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ফলাফল বিষয়ক ওয়েবসাইটে ফল দেখতে পারবেন।