‘মেধা ও সততায় গড়ি ইনসাফের বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর হাতিয়ায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় হাতিয়ার দ্বীপ উন্নয়ন সংস্থা অডিটোরিয়ামে ‘এ-প্লাস সংবর্ধনা-২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হাতিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবারের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৯১ জনসহ মোট ১৪০ শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও গিফট প্যাকেজ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও মিডিয়া ব্যক্তিত্ব শাহ মোহাম্মদ মাহফুজুল হক। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য আবদুল্লাহ আল মাহবুব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিয়া উপজেলা আমির মাস্টার বোরহানুল ইসলাম, উপজেলা সেক্রেটারি ফয়জুল বারী তারিফ এবং নোয়াখালী জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নোমান ছিদ্দিক।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি আরাফাত হোসাইন সিফাতের সভাপতিত্বে এবং হাতিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আবদুল ওহাব বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাতিয়া পৌরসভা জামায়াতের আমির মাওলানা তাওফীকুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা নুর উদ্দিন মেশকাত, নোয়াখালী জেলা ছাত্রশিবির নেতা আজগর আলী রবিন ও কাওসার হোসাইন, হাতিয়া উপজেলা দক্ষিণ শিবিরের সভাপতি আশিকুল ইসলাম, অধ্যক্ষ সামছূল হুদা, অধ্যক্ষ আবদুল গফুর এবং সাপ্তাহিক হাতিয়ার কথার সম্পাদক মুহাম্মদ কেফায়েতুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, শুধু মেধা দিয়ে প্রকৃত সফলতা অর্জন সম্ভব নয়; মেধার সঙ্গে নৈতিকতা ও সততার সমন্বয় ঘটাতে হবে। শিক্ষার্থীদের অর্জিত মেধা ও জ্ঞান দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোর পাশাপাশি নৈতিকতা, সততা ও আদর্শিক মূল্যবোধসম্পন্ন জীবন গঠনের আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, ভালো ফলাফল শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য গুরুত্বপূর্ণ হলেও একজন মানুষের প্রকৃত সাফল্য নির্ভর করে তার চরিত্র, নৈতিকতা ও দায়িত্ববোধের ওপর। তাই জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীদের দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
সংবর্ধনা পাওয়া কৃতী শিক্ষার্থীরা এমন আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।