জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, আহতদের প্রতি আন্তরিক সহমর্মিতা এবং বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) বুধবার (৫ আগস্ট) যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।
সকালে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে বিশ্ববিদ্যালয় হাই স্কুলে জুলাইয়ের শহীদদের স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের আঁকা ছবিতে আত্মত্যাগ, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ এবং বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন ফুটে ওঠে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের চিত্রকর্ম পরিদর্শন করেন। একই সঙ্গে দিবস উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল ফটো কনটেস্টেও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে ভিসি, প্রো ভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার, প্রক্টরসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
বিকেলে বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে আলোচনা সভা ও শহীদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাকৃবির ভিসি অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো ভিসি অধ্যাপক ড. মোঃ জাহিদুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়া শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভী, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম, সিনিয়র অধ্যাপক ড. মোঃ আবু আশরাফ খান এবং রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা বক্তব্য দেন। আলোচনা পর্বের ফাঁকে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ শুধু ইতিহাসের একটি ঘটনা নয়, এটি আমাদের বিবেক, সাহস ও দায়িত্ববোধের চিরন্তন প্রেরণা। তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে জ্ঞান, মানবিকতা, ন্যায়বোধ ও সততাকে ধারণ করতে হবে। তরুণ প্রজন্মই বৈষম্যহীন, গণতান্ত্রিক, বিজ্ঞানমনস্ক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে।” তিনি ভবিষ্যতে দেশে যেন আর কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে না পারে, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং জুলাই গণঅভ্যুত্থানে গাকৃবির শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানের শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্তের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি হয়।