গাজীপুর মহানগরীর তুরাগ নদীর তীরবর্তী এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে ‘অপারেশন রিভার ব্যাংক-০১’ নামে যৌথ অভিযান পরিচালনা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও নৌ পুলিশ।
অভিযানে মাদক বিক্রেতা ও মাদকসেবীসহ ২৯ জনকে মাদক সেবনের সরঞ্জামসহ আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) তুরাগ নদীর পাড়ে পিংকি গার্মেন্টসের পেছনের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নদীর তীরবর্তী অপরাধপ্রবণ এলাকায় মাদক ব্যবসা ও সেবনসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে যৌথভাবে এ অভিযান শুরু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জিএমপি সূত্রে জানা গেছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়। এতে জিএমপির উপ-পুলিশ কমিশনার (ক্রাইম দক্ষিণ) শফিকুল ইসলাম, ডিএমপির উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ঢাকা রিজিয়ন)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
অভিযানে নদীর তীরবর্তী এলাকায় তল্লাশি ও নজরদারি চালিয়ে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের আটক করা হয়। এ সময় মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, নদীর তীরবর্তী এলাকাগুলোতে মাদক ব্যবসা ও সেবন ছাড়াও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের প্রবণতা রয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণ এবং নদীর তীরবর্তী এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ অভিযান আরও জোরদার করা হবে।
জিএমপি মহানগর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। ‘অপারেশন রিভার ব্যাংক’-এর আওতায় নদীর তীরবর্তী অপরাধপ্রবণ এলাকাগুলোতে অভিযান, টহল ও নজরদারি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।