গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে ৩০ দিনব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা আয়োজনের অনুমতি বাতিল করেছে জেলা প্রশাসন। আগামী ২৩ আগস্ট থেকে এ মেলা শুরু হওয়ার কথা ছিল। নাগরিকদের দাবি, মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলা আয়োজনের অনুমতি বাতিলের সিদ্ধান্ত এলো।

বৃহস্পতিবার (২০ আগস্ট) গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। সহকারী কমিশনারের স্বাক্ষরিত আদেশে ২৩ আগস্ট থেকে পরবর্তী ৩০ দিন রাজবাড়ী মাঠে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা আয়োজনের জন্য আগে দেওয়া অনুমতি নির্দেশক্রমে বাতিল করা হয়েছে।

জেলা প্রশাসনের এ সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন গাজীপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা বলছেন, ঐতিহাসিক রাজবাড়ী মাঠ দীর্ঘ সময়ের জন্য মেলার অবকাঠামোয় দখল হয়ে যাওয়ার আশঙ্কা থেকে নাগরিকদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছিল, এ সিদ্ধান্তের মাধ্যমে তার অবসান হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী মাঠে ‘সচেতন নাগরিক ঐক্য’র উদ্যোগে দীর্ঘমেয়াদি মেলা বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা রাজবাড়ী মাঠকে খেলাধুলা, সামাজিক ও জনসাধারণের বিভিন্ন প্রয়োজনে উন্মুক্ত রাখার দাবি জানান।

বক্তারা বলেন, রাজবাড়ী মাঠ গাজীপুরের ইতিহাস, ঐতিহ্য ও জনজীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। দীর্ঘমেয়াদি মেলার জন্য পুরো মাঠ ব্যবহার করা হলে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশদূষণ, বর্জ্য, যানজট ও জনদুর্ভোগ বাড়তে পারে। একই সঙ্গে মাঠটি গাজীপুরের গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় বিভিন্ন আয়োজনেও ব্যবহৃত হয়।

মানববন্ধন শেষে নেতৃবৃন্দ গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়ার কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে দীর্ঘমেয়াদি মেলা আয়োজন বন্ধ করে রাজবাড়ী মাঠকে খেলাধুলা ও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখার দাবি জানানো হয়।

স্মারকলিপি গ্রহণের সময় জেলা প্রশাসক নাগরিকদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, গাজীপুরের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, শিক্ষা, খেলাধুলা ও জনস্বার্থের ওপর বিরূপ প্রভাব পড়ে-এমন কোনো সিদ্ধান্ত প্রশাসন নেবে না। মাঠ ব্যবহারের ক্ষেত্রে সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

এর কয়েক ঘণ্টার মধ্যেই জেলা প্রশাসনের আনুষ্ঠানিক আদেশে রাজবাড়ী মাঠে ৩০ দিনব্যাপী মেলা আয়োজনের পূর্বানুমতি বাতিল করা হয়।

জেলা প্রশাসনের আদেশে উল্লেখ করা হয়েছে, ২৩ জুলাই ২০২৬ তারিখের স্মারকের মাধ্যমে রাজবাড়ী মাঠে ২৩ আগস্ট থেকে ৩০ দিনব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা আয়োজনের যে অনুমতি দেওয়া হয়েছিল, তা নির্দেশক্রমে বাতিল করা হলো।

এদিকে মেলার অনুমতি বাতিলের খবরে নাগরিকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তারা রাজবাড়ী মাঠকে ভবিষ্যতেও দীর্ঘমেয়াদি বাণিজ্যিক আয়োজনের বাইরে রেখে খেলাধুলা, সামাজিক অনুষ্ঠান ও জনসাধারণের স্বাভাবিক ব্যবহারের জন্য সংরক্ষণের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবারের মানববন্ধনে গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আহমদ আলী রুশদি, এনসিপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আলী নাছের খান, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ড. শহিদুজ্জামান, বিএনপি নেতা ভিপি জয়নাল আবেদীন তালুকদার,গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নের সভাপতি প্রকৌশলী শামসুল হক, পেশাজীবী পরিষদ গাজীপুর জেলার সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, জয়দেবপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মোঃ মাহফুজুর রহমান খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।