মুন্সীগঞ্জের গজারিয়ার বিভিন্ন এলাকায় ভুয়া পুলিশ পরিচয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই ও চুরির ঘটনার সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া দুটি অটোরিকশা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার কাশেম ঢালী (৫২), বরগুনার আমতলী উপজেলার মো. শাকিব (৩০), নারায়ণগঞ্জ জেলার হাবিবুর রহমান এবং শামীম সৌরভ।
পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে একটি চোরচক্র গজারিয়ার বিভিন্ন স্থানে নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে সহজ-সরল অটোরিকশা চালকদের ভয়ভীতি দেখিয়ে ও ফাঁদে ফেলে রিকশা হাতিয়ে নিচ্ছিল। অভিযোগের ভিত্তিতে গজারিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই চক্রের চার সদস্যকে আটক করতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানা পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুতই তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।