নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দায়িত্বশীলদের জ্ঞান, মেধা ও প্রজ্ঞায় সমৃদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি বলেছেন, জুলাইয়ের রক্তাক্ত বিপ্লবের পর একটি কল্যাণকর, ইনসাফভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আগামীর বাংলাদেশ পরিচালনায় দায়িত্বশীলদের আরও যোগ্য ও প্রজ্ঞাবান হিসেবে প্রস্তুত হতে হবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) মৌলভীবাজার পৌরসভা হলে জেলার ৬৭টি ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে আয়োজিত দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীর সঞ্চালনায় শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। এতে ‘আদর্শ সংগঠকের ভূমিকা’ শীর্ষক আলোচনা পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম। পবিত্র কুরআনের সূরা আল-মুমিনুন থেকে দারস পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা শেখ আব্দুল হক।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, গত ১৭ বছরে হামলা-মামলা, জেল-জুলুম, হত্যা, নির্যাতন, গুম এবং জাতীয় নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েও ইসলামী আন্দোলনের গতি স্তব্ধ করা যায়নি। হাজারো শহীদের রক্তে গড়ে ওঠা এ সংগঠন দিন দিন আরও সমৃদ্ধ হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, শহীদ নেতৃবৃন্দের সন্তানদের জনগণ সংসদে পাঠিয়ে মিথ্যা অভিযোগের জবাব দিয়েছে। মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে নেতৃবৃন্দের ফাঁসির পর যারা উল্লাস করেছিল, আজ তাদের অনেকেই পলাতক। দেশের মানুষের কাছে তারা ঘৃণিত ও আধিপত্যবাদের দোসর হিসেবে চিহ্নিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগণের ম্যান্ডেটকে গুরুত্ব না দিলে আগামীতে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন মাওলানা আবদুল হালিম।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন সেক্টর থেকে দুর্নীতি বন্ধ করা সম্ভব হলে মাত্র ছয় মাসের মধ্যেই বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। আগামী স্থানীয় নির্বাচনে জনগণ দুর্নীতির বিরুদ্ধে সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন প্রার্থীদের সমর্থন দেবে এবং চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে মো. ফখরুল ইসলাম বলেন, শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে নিজেদের আরও যোগ্য হিসেবে গড়ে তুলতে দায়িত্বশীলদের সময় দিতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শের মডেল হিসেবে নিজেদের গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী বলেন, স্থানীয় নির্বাচনে প্রতিটি পদে জামায়াতের প্রার্থী দিতে হবে। সেপ্টেম্বর মাসে দেশব্যাপী অনুষ্ঠিতব্য দাওয়াতি অভিযানে যথাযথ গুরুত্ব দিয়ে মাঠে কাজ করতে হবে। ইসলামের সুমহান আদর্শের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

শিক্ষাশিবিরে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ তালুকদার ও আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, সৈয়দ তারেকুল হামিদ ও আব্দুল কুদ্দুস নোমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের কবর জিয়ারত

শিক্ষাশিবির শেষে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলার সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের কবর জিয়ারত করেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

জেলা সদরের গিয়াসনগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে অবস্থিত কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া, মরহুমের ছেলে দেওয়ান শরীফুজ্জামান চৌধুরী ও দেওয়ান মুয়াজ উজ্জামান চৌধুরী এবং ভাতিজা দেওয়ান আশিক আল রশিদ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।