বগুড়ার সবচেয়ে বড় ফুটবল আসর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী শনিবার। বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে জেলার ১৩টি উপজেলা ও বগুড়া সিটি করপোরেশনসহ মোট ১৪টি দল অংশ নিচ্ছে।

শনিবার বিকেল সাড়ে ৩টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

টুর্নামেন্টে অংশ নেওয়া ১৪টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে সারিয়াকান্দি, দুপচাঁচিয়া, শেরপুর, সোনাতলা, নন্দীগ্রাম, ধুনট ও বগুড়া সিটি করপোরেশন। ‘বি’ গ্রুপে রয়েছে আদমদীঘি, কাহালু, মোকামতলা, শিবগঞ্জ, গাবতলী, শাজাহানপুর ও বগুড়া সদর উপজেলা।

বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক তৌফিকুর রহমান টুর্নামেন্টের বিভিন্ন আয়োজন ও পুরস্কারের বিষয়ে বিস্তারিত জানান।

জেলা প্রশাসক জানান, এবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে আকর্ষণীয় ট্রফির পাশাপাশি নগদ ৩ লাখ টাকা এবং রানার্সআপ দলকে ট্রফির সঙ্গে নগদ দেড় লাখ টাকা প্রাইজমানি দেওয়া হবে। প্রতিটি ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ পাবেন ট্রফি ও নগদ ১২ হাজার টাকা। এ ছাড়া প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ও সর্বোচ্চ গোলদাতাকে ট্রফির পাশাপাশি নগদ ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

তিনি জানান, প্রতিটি দল সর্বোচ্চ চারজন বহিরাগত খেলোয়াড় মাঠে নামাতে পারবে। এর মধ্যে দুজন দেশি ও দুজন বিদেশি খেলোয়াড় থাকতে পারবেন। বাকি সাতজন খেলোয়াড় সংশ্লিষ্ট উপজেলা থেকে নিতে হবে।

দর্শকদের ব্যাপক উপস্থিতির কথা বিবেচনা করে স্টেডিয়ামের পূর্ব পাশে দুটি বাঁশের গ্যালারি নির্মাণ করা হয়েছে। দর্শকরা যাতে মাঠে বসে স্বাচ্ছন্দ্যে খেলা উপভোগ করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব খাজা আবু হায়াত হিরু, সদস্য রাজু পাইকাড়, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বগুড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রাহাত রিটু, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, সাধারণ সম্পাদক এইচ আলিম, সাবেক ফুটবলার শহিদুল ইসলাম স্বপন, সিনিয়র স্পোর্টস রিপোর্টার জহুরুল ইসলাম, তোফাজ্জল হোসেন, সানাউল হক শুভসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।