গ্যাস সংকট ও দাম বৃদ্ধি, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং, মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় ঐক্য, পাবনা জেলা শাখা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে ১১ দলীয় ঐক্য, পাবনা জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা জেলা শাখার আমির ও জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডলের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির পাবনা জেলা আহ্বায়ক খন্দকার আক্তার হোসেন লেবু, এবি পার্টির পাবনা জেলা সভাপতি মো. আব্দুল মজিদ মোল্লা, বাংলাদেশ খেলাফত মজলিসের পাবনা জেলা আমির মুফতি মোহাম্মদ ওয়ালিউল্লাহ, পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম সোহেল, পাবনা পৌর জামায়াতের আমির উপাধ্যক্ষ আব্দুল লতিফ, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট কামাল হোসেনসহ ১১ দলীয় অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।