ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর বনচাকী গ্রামের বাসিন্দা ও পেশায় মাইক্রোবাসচালক বিল্লাল বিশ্বাসের বিরুদ্ধে দায়ের করা ডাকাতি মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে মামলা থেকে অব্যাহতি এবং সম্মানহানির ক্ষতিপূরণ চেয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বোয়ালমারী পৌর শহরের একটি রেন্ট-এ-কার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিল্লাল বিশ্বাস। তিনি দাবি করেন, গত ২৭ মে শরীয়তপুর থেকে গরু ব্যবসায়ীদের নিয়ে ফেরার পথে গোপালগঞ্জের মুকসুদপুর এলাকায় সশস্ত্র ডাকাতদের কবলে পড়েন। এ সময় তাঁর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং গাড়িতে থাকা যাত্রীদেরও সর্বস্ব লুটে নেওয়া হয়।

তাঁর অভিযোগ, ঘটনার পরদিন কয়েকজন গরু ব্যবসায়ী তাঁকে অন্যায়ভাবে ডাকাত দলের সহযোগী হিসেবে অভিযুক্ত করেন, মারধর করেন এবং ৮৫ লাখ টাকা দাবি করেন। পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ তাঁকে উদ্ধার করে। ঘটনার তিন দিন পর তাঁর বিরুদ্ধে মুকসুদপুর থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়।

বিল্লাল বিশ্বাস বলেন, দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে সুনামের সঙ্গে মাইক্রোবাস চালিয়ে আসলেও তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে। তিনি মামলার নিরপেক্ষ তদন্ত, অব্যাহতি ও সম্মানহানির ক্ষতিপূরণ দাবি করেন।

সংবাদ সম্মেলনে রেন্ট-এ-কার মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, ভুক্তভোগীর পরিবারের সদস্য এবং স্থানীয় পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁরা মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং নির্দোষ ব্যক্তিকে হয়রানি থেকে মুক্তি দেওয়ার দাবি জানান।