গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে নেমে আসা দুর্ভোগ নিরসনের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য, যশোর জেলা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) যশোর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে বলা হয়, দেশের সাধারণ মানুষ বর্তমানে গ্যাস ও বিদ্যুৎ সংকট, মূল্যস্ফীতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে চরম দুর্ভোগের মধ্যে দিনাতিপাত করছে। শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ সর্বস্তরের মানুষ গ্যাস ও বিদ্যুতের সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে বিদ্যুতের অস্বাভাবিক ও ভুতুড়ে বিল সাধারণ গ্রাহকদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, চাল, ডাল, তেল, আটা, চিনি, লবণ, সবজি, মাছ, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে পড়েছে। বাজারে সিন্ডিকেট, মজুতদারি ও অতিরিক্ত মুনাফাখোরদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

১১ দলীয় ঐক্য তাদের স্মারকলিপিতে গ্যাস সংকট ও লোডশেডিং দ্রুত নিরসন করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুতের মূল্য যৌক্তিক পর্যায়ে নির্ধারণ, ভুতুড়ে ও অস্বাভাবিক বিদ্যুৎ বিল আদায় বন্ধ এবং অতিরিক্ত আদায়কৃত অর্থ সমন্বয় বা ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। পাশাপাশি বাজার সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা, বিদ্যুৎ ও গ্যাস খাতে অনিয়ম-দুর্নীতি দূর করে জবাবদিহি নিশ্চিত করা এবং জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, জনগণের জীবনযাত্রার ব্যয় কমিয়ে স্বস্তি ফিরিয়ে আনতে সরকারের কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি। জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশের সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় ও কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়।

স্মারকলিপিতে স্বাক্ষর করেন ১১ দলীয় ঐক্য, যশোর জেলার সমন্বয়ক অধ্যক্ষ আবু জাফর ছিদ্দীকী।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, জেলা কর্মপরিষদ সদস্য আবুল হাশেম রেজা, জেলা প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, এনসিপির যশোর জেলা আহ্বায়ক নুরুজ্জামান, খেলাফত মজলিস যশোর জেলা সেক্রেটারি মুফতি রাশেদুল ইসলাম, এলডিপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর শহর আমির মাওলানা ইসমাইল হোসেন, শহর সেক্রেটারি ইমরান হোসেনসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।