গ্যাস সংকট ও বিদ্যুৎসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে বগুড়া ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের নিকট এই স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে দুপুর সাড়ে ১১টার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরী কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের বটতলায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ১১ দলের নেতৃবৃন্দ বলেন, বর্তমান পরিস্থিতিতে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে এবং দফায় দফায় গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এর পাশাপাশি বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং ভুতুড়ে বিল তৈরির মাধ্যমে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করা হচ্ছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দ্রব্যমূল্যের লাগাম টানতে ব্যর্থ হলে সাধারণ মানুষ বাধ্য হয়ে রাজপথে নামবে।

বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, সেক্রেটারি অধ্যাপক আ. স. ম. আব্দুল মালেক, জেলা সেক্রেটারি মাওলানা মনসুর রহমান, এনসিপির জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম. এস. এ. মাহমুদ, এলডিপির সেক্রেটারি আনিসুর রহমান আনিস, খেলাফত মজলিসের সহকারী সেক্রেটারি ক্বারী মাওলানা তৌহিদুল ইসলাম, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল আলম ও অ্যাডভোকেট আল-আমিন, অফিস সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ বেগ, মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ।