নারায়ণগঞ্জ আদালতের আইন কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করেছেন জামায়াতে ইসলামীপন্থী আইনজীবীরা। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে তাঁরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরের কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগকারী আইনজীবীরা হলেন— সহকারী জিপি অ্যাডভোকেট মাঈনুদ্দিন মিয়া, অতিরিক্ত জিপি অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর দেওয়ান, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট গোলাম সারওয়ার, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইস্রাফিল হোসাইন, সহকারী পিপি অ্যাডভোকেট মো. মাসুদুর রহমান এবং সহকারী পিপি অ্যাডভোকেট আক্তার হোসেন।
এ বিষয়ে অতিরিক্ত জিপি অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর দেওয়ান জানান, নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকে তাঁরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করেছেন। তবে বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে তাঁরা একমত পোষণ করতে পারছেন না।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত বর্তমান সরকার জুলাইয়ের চেতনাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন না করা, স্বাধীন সচিবালয় গঠন না করা এবং আইন সচিবালয় ও গুম কমিশন অধ্যাদেশ বাতিলের প্রতিবাদের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে তাঁরা একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছেন। জেলা ম্যাজিস্ট্রেট তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির বলেন, আইনজীবীদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তীতে নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।