মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে দায়িত্ব থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং আফরোজা খানম রিতাকে পর্যটন মন্ত্রণালয় থেকে সরিয়ে খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ সূত্র।

সূত্র জানায়, তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে সদ্য শপথ নেওয়া ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। একই সঙ্গে পর্যটনমন্ত্রী হতে পারেন সদ্য মন্ত্রী হিসেবে শপথ নেওয়া রশিদুজ্জামান মিল্লাত।

এদিন মন্ত্রী হিসেবে আরও শপথ নিয়েছেন ড. আবদুল মঈন খান ও সাচিং প্রু জেরী। তাদের মধ্যে ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এবং সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গেছে।

অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে।

তবে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টনের বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এসব পরিবর্তন সম্ভাব্য হিসেবেই বিবেচিত হচ্ছে।