ঘরে এসেছিল নববধূ। বাড়িজুড়ে ছিল সাজসজ্জা আর বিয়ের আনন্দ। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে বিষাদে। বাসর রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বর আনাস (২৫)। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের গাছেরদিয়াড় উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনাস হোগলবাড়ীয়া ইউনিয়নের গাছেরদিয়াড় গ্রামের ইউসুফ মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহেরমাদী এলাকায় আনাসের বিয়ে হয়। বিকেলে নববধূকে সঙ্গে নিয়ে বাড়িতে ফেরেন তিনি। বিয়ে উপলক্ষে রাতে বাড়িতে নাচ-গানের আয়োজন করা হয়। এ সময় প্যান্ডেলের পাশে চেয়ারে বসে থাকা আনাসের ওপর একটি স্ট্যান্ড ফ্যান পড়ে যায়।

ফ্যানটির মাধ্যমে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন আনাস। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

পরিবার ও স্থানীয়দের ধারণা, ফ্যানটি আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। এ ঘটনায় বিয়ের আনন্দের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

আনাসের সাবেক স্কুলের প্রধান শিক্ষক মহসিন রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন, আনাস গত ১৯ আগস্ট তাঁর সঙ্গে হাসিমাখা মুখে দেখা করেছিলেন। একদিন পরই তাঁর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তিনি।