পটুয়াখালীর বাউফলে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ পাওয়া ১২৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিদেরও সম্মাননা দেওয়া হয়।
শুক্রবার (২১ আগস্ট) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাউফল উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, জিপিএ-৫ অর্জন জীবনের চূড়ান্ত সাফল্য নয়; বরং ভবিষ্যতের বড় সাফল্যের পথে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। মেধা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে উচ্চশিক্ষায় নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি নৈতিকতা, সততা ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের প্রধান আলোচক ডাকসু ভিপি সাদিক কায়েম কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানের প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও পুরস্কার তুলে দেন। তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই একজন শিক্ষার্থীর শিক্ষা পূর্ণাঙ্গ হয় না। মেধার পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে। বাবা-মায়ের ত্যাগ ও কষ্টকে স্মরণ করে তাঁদের স্বপ্ন পূরণে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
বাউফল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক আইন ও দাওয়াহ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মু. মাজহারুল ইসলাম, মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক মো. জাকারিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি মু. শরফুদ্দিন, পটুয়াখালী জেলা শিবিরের সভাপতি কেএম তামিম, বাউফল উপজেলা শিবিরের সাংগঠনিক সম্পাদক জোবায়ের বিন আব্দুল মুত্তালিব, উপজেলা শিবিরের সাবেক সভাপতি আতিক নজরুল এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, জিপিএ-৫ জীবনের চূড়ান্ত সাফল্য নয়, এটি ভবিষ্যতের বড় স্বপ্ন পূরণের প্রথম ধাপ। নির্দিষ্ট লক্ষ্য, অধ্যবসায় ও সততার সঙ্গে এগিয়ে গিয়ে দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখারও আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বাউফলের কৃতিসন্তান ড. শফিকুল ইসলাম মাসুদের শিক্ষা ও কর্মজীবনকে তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। বক্তারা শিক্ষার্থীদের নিজেদের মেধা ও যোগ্যতার মাধ্যমে বাউফলের সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাউফল উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ। এ সময় বাউফলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।