গাজীপুরে কৃতি ছাত্রীদের সংবর্ধনা ও মোটিভেশনাল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মেধাবী ছাত্রীদের উৎসাহিত করা, তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং মেধা, যোগ্যতা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরী মহিলা বিভাগের টঙ্গী-পশ্চিম থানা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা বালিকা শাখায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরী মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মারুফা শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসরিন তাসনিয়া। শুভেচ্ছা বক্তব্য দেন ফাহমিদা খাতুন লাকি, উদ্বোধনী বক্তব্য দেন মার্জিয়া আক্তার এবং সমাপনী বক্তব্য দেন সুমাইয়া জাহান।
প্রধান অতিথির বক্তব্যে মারুফা শহীদ কৃতি ছাত্রীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু ভালো ফলাফল অর্জন নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে মেধা, যোগ্যতা, সততা ও নৈতিক মূল্যবোধকে ধারণ করে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে। তাই শিক্ষাজীবন থেকেই জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও নৈতিক চরিত্র গঠনের প্রতি গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও হামদ পরিবেশন করা হয়। পরে গীতি-আলেখ্য ও ইসলামী সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানে প্রাণবন্ত আবহ সৃষ্টি হয়। অনুষ্ঠানের একপর্যায়ে কৃতি ছাত্রীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহ ও আত্মবিশ্বাস জোগাবে। পাশাপাশি নৈতিক ও আদর্শিক মূল্যবোধে সমৃদ্ধ একটি প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি ছিল।
আয়োজকদের প্রত্যাশা, অংশগ্রহণকারী ছাত্রীদের অনেকে ভবিষ্যতে নিজেদের মেধা, যোগ্যতা ও নৈতিকতার মাধ্যমে পরিবার, সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।