রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ২৫ কেজি ৫০০ গ্রাম ও ১৭ কেজি ওজনের দুটি কাতল মাছ ধরা পড়েছে। মাছ দুইটি বিক্রি হয়েছে ৮৬ হাজার ৭০০ টাকায়।
শুক্রবার রাতে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকার বাবু সরদার এবং পাবনার ঢালারচরের জামাল প্রামানিক ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে পদ্মা ও যমুনা নদীর মোহনায় পৃথকস্থানে জাল ফেলেন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে তাদের জালে বড় ধাক্কা বুঝতে পারেন। জাল তোলার সময় বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়ে।
জাল তোলার সময় বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়ে। পরে দৌলতদিয়া মৎস্য আড়তে মাছের ওজন দিলে দেখা যায়, মাছটির ওজন ২৫ কেজি ৫০০ গ্রাম।
অন্যদিকে একইদিন সকালে একই এলাকায় জেলে বাবু সরদারের জালে ১৭ কেজি ওজনের আরও একটি কাতল মাছ ধরা পড়ে।
মাছ বিক্রির জন্য ওই দুই জেলে মাছ দুইটি দৌলতদিয়া মৎস্য আড়তে তোলেন। সেখানে উন্মুক্ত নিলাম থেকে দৌলতদিয়া ফেরিঘাটের দৌলতদিয় চাঁদনি এন্ড মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা মাছ দুইটি ক্রয় করেন। তিনি ২১শ টাকা কেজি দরে মোট ৫৩ হাজার ৫৫০ টাকা এবং ১৭ কেজির কাতলটি ১৭শ টাকা কেজি দরে ২৮ হাজার ৯০০ সহ মোট ৮২ হাজার ৪৫০ টাকা দিয়ে কিনে নেন তিনি।
চান্দু মোল্লা জানান, পরে তিনি মাছ দুটি বিক্রির জন্য তার ফেসবুক আইডিতে ছবি ও ভিডিও শেয়ার করলে ঢাকার গুলশান এলাকার এক শিল্পপতি মাছ দুটি কেনার বিষয়ে আগ্রহ দেখান। পরে কেজিপ্রতি ১শ টাকা বেশি ধরে ৪ হাজার ২৫০ টাকা লাভে ৮৬ হাজার ৭০০ টাকায় মাছ দুটি তার কাছে বিক্রি করে ঠিকানা বরাবর বিশেষ ব্যবস্থায় পাঠিয়ে দেন।
চান্দু মোল্লা বলেন, পদ্মা নদীর কাতল মাছে ব্যাপক চাহিদা রয়েছে।