গণভোটের গণরায় বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার ভবেরচর ইউনিয়নের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় লংমার্চ কর্মসূচি সফল করতে দলের নেতা-কর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আ.জ.ম. রুহুল কুদ্দুস।
গজারিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরে আলমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এ কে এম ফখরুদ্দীন রাজী, জেলা জামায়াতের শূরা সদস্য মো. শাহজাহান সরকার ও মো. সুরুজ মাস্টার, মুন্সীগঞ্জ জেলা মাজলিসুল মুফাসসিরিনের সভাপতি মাওলানা আবু ইউসুফ হেলালী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. নাসির উদ্দিন সরকার, উপজেলা সমাজকল্যাণ সম্পাদক ও বাউশিয়া ইউনিয়ন জামায়াতের আমির মো. জয়নাল আবেদীন এবং উপজেলা অফিস সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইনসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চকে সফল করতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন তারা।