‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রত্যয়কে সামনে রেখে কৃষক, গ্রামীণ জনগোষ্ঠী ও পল্লির সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের উদ্যোগে র‌্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

কর্মসূচির শুরুতে কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদ চত্বরে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন গাকৃবি ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এবং সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (সিরডাপ)-এর মহাপরিচালক ড. পি. চন্দ্র শেখর।

পরে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীদের হাতে থাকা গ্রামীণ জনজীবন ও পল্লি উন্নয়নবিষয়ক প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুনে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

র‌্যালি শেষে বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাকৃবি ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন সিরডাপের মহাপরিচালক ড. পি. চন্দ্র শেখর। উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ জাহিদুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা, সিরডাপের মানবসম্পদ ও প্রশাসন শাখা প্রধান এফ.এ.এম জাকিরুল হকসহ বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রধান ড. মনিরা পারভীন মুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভা শুরু হয়। পরে প্রধান অতিথিকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করেন ভিসি। এ সময় সিরডাপের পক্ষ থেকে ভিসিকে সম্মাননাসূচক উত্তরীয়, ক্রেস্ট ও বই উপহার দেওয়া হয়। শিক্ষার্থীদের নির্মিত ভিজ্যুয়াল ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘পল্লী উন্নয়ন : জাতীয় অর্থনীতির ভিত্তি’ শীর্ষক কী-নোট উপস্থাপন করেন কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মঞ্জুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ড. পি. চন্দ্র শেখর বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত হলেই রাষ্ট্রের সার্বিক উন্নয়ন সম্ভব। সিরডাপ সদস্য দেশগুলোর গ্রামীণ জনজীবনের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে। তিনি তরুণ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, 'পল্লির উন্নয়ন মানে শুধু অবকাঠামোর উন্নয়ন নয়,এটি মানুষের জীবনমান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও মর্যাদার উন্নয়ন। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে পল্লির মানুষের পাশে থেকে উন্নত পল্লি ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রেখে যেতে চায়।'

আলোচনা সভায় পল্লি উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে উন্মুক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লি উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সহযোগিতার লক্ষ্যে ১৯৭৯ সালের ৬ জুলাই সিরডাপ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতা ‘সিরডাপ-রিইডিএস ইন্টারন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট ইনোভেশন চ্যালেঞ্জ-২০২৬’-এ আঞ্চলিক চ্যাম্পিয়ন হয় গাকৃবির শিক্ষার্থীদের দল ‘কার্বডিট’। অনুষ্ঠানে দলটির হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি।

গ্রুপ ফটোসেশনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের কর্মসূচির সমাপ্তি হয়।