ফেনী প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ভয়েস অব ডেমোক্রেসি (ভিওডি) বাংলা চ্যানেলের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফেনী প্রেসক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক একেএম আবদুর রহীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও সাংবাদিক মোস্তফা মুহিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মসিউর রহমান বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান এবং ফেনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক কায়সার আহমদ সাব্বির।

আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং প্রযুক্তিনির্ভর আধুনিক সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে ভিওডি বাংলার ভবিষ্যৎ কার্যক্রম ও সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠান শেষে অতিথি ও আয়োজকদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভিওডি বাংলা দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর হাইব্রিড প্রযুক্তির টেলিভিশন চ্যানেল হিসেবে আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও গণমাধ্যমের নতুন ধারার সমন্বয়ে চ্যানেলটি কার্যক্রম পরিচালনা করবে বলে জানানো হয়।