বগুড়া অফিস: এস আলম গ্রুপের প্ররোচনায় ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম রবিবার সকালে বগুড়ার সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে সভাপতিত্ব করেন বগুড়া বারের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শাহীন মিয়া। বিশিষ্ট শ্রমিক নেতা ও ফোরামের সদস্য সচিব আজগর আলীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, আসন্ন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (বিসিসি) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ও গ্রাহক ফোরামের যুগ্ম- আহ্বায়ক সেলিম রেজা, আমানতকারী বিশিষ্ট আইনজীবী আল আমীন, ড. মাওলানা হেদাইতুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী অধ্যক্ষ ইকবাল হোসেন, রাজাবাজার আড়ৎদার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, সাংবাদিক হাবিবুর রহমান আকন্দ, মহিলা আমানতকারী শাহনেওয়াজ রেবা ও নার্গিজ আরা , ব্যবসায়ী এনামুল হক রানা, ইঞ্জিনিয়র শরিফুল ইসলাম, মাসুদুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭ সালে ব্যাংক দখল করে প্রকৃত মালিকদের বের করে দিয়ে ব্যাংক থেকে ১ লক্ষ ৩১ হাজার ৫৩ লক্ষ টাকা লুটপাট করে ব্যাংককে পঙ্গু করা হয়েছে। আবার ব্যাংক কে ধ্বংস করতে এম ডি কে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ৩০০ কোটি টাকা ব্যাংক থেকে লুট করে নেওয়ার পাঁয়তারা চলছে। ব্যাংককে আগের অবস্থায় ফিরে নিতে প্রকৃত মালিকদের নিকট ব্যাংকের মালিকানা ফেরত দিতে হবে। বক্তারা আরো বলেন, ইসলামী ব্যাংক, ইসলামকে যারা ভালোবাসে তারা তাদের আমানত এই ব্যাংকে গচ্ছিত রাখে। কিন্তু ইসলাম বিরোধী শক্তি ভারতের চক্রান্তে ইসলাম ভালো না লাগলেও ইসলামী ব্যাংকের টাকা লুট করার জন্য আবার নজর দিয়েছে। তারা এই চক্রান্ত প্রতিহতের আহ্বান জানান।

কিশোরগঞ্জ: ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে রবিবার সকালে কিশোরগঞ্জ বড়বাজারে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। ফোরামের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল রানা ভূঁইয়ার নেতৃত্বে ব্যাংকের গ্রাহকগণ মানববন্ধনে অংশগ্রহণ করেন। গ্রাহকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন সেক্রেটারি মো. আরাফাত হোসেন, মোস্তাকিম বিল্লাহ, অধ্যাপক সাখাওয়াত হোসেন প্রমুখ। বক্তাগণ ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে মোঃ ওমর ফারুক খান কে স্বপদে পুনর্বহাল এব দাবি জানান। তারা চেয়ারম্যান ডঃ জুবায়দুর রহমানের পদত্যাগ এবং ইসলামী ব্যাংকের উপর গভর্নর এর অবৈধ হস্তক্ষেপ বন্ধের ও দাবি জানান। তাছাড়া অবিলম্বে এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার ও দাবি জানান।

চান্দিনা (কুমিল্লা): ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের প্রতিবাদ, এস আলম কর্তৃক ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল এবং ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরতের দাবিতে কুমিল্লার চান্দিনায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) ইসলামী ব্যাংক চান্দিনা শাখার সামনে ইসলামী ব্যাংক ব্যবসায়ী সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তৃতা করেন ইসলামী ব্যাংক ব্যবসায়ী সমাজ চান্দিনার আহ্বায়ক মাওলানা খাইরুল বাশার, গ্রাহক মাওলানা গোলাম মাওলা ফারুকী, মোস্তফা কামাল ভুঁইয়া।

মানববন্ধনে বক্তারা বলেন, গ্রাহকদের আস্থা, ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে জনাব মোঃ ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবি জানানো হচ্ছে। একই সঙ্গে ব্যাংকের পরিবেশ ধ্বংসকারী ও ক্ষমতালোভী কুচক্রী এএমডি কামাল উদ্দিন জসীমকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপ এবং দৃশ্যমান উন্নতি করতে ব্যর্থ হওয়ার দায়ে চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানের পদত্যাগ করা উচিত। তারা ইসলামী ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এ সময় মিজানুর রহমান, আলমগীর হোসেন, মহিউদ্দিন, আবু ইউসুফ, দলিলুর রহমান দুলাল, মাওলানা আবু ইউসুফ, কামরুজ্জামান কামাল, মাওলানা সফিকুল ইসলামসহ ব্যবসায়ী ও ইসলামী ব্যাংকের গ্রাহকরা উপস্থিত ছিলেন।

কুলাউড়া: ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম কুলাউড়ার উদ্যোগে ব্যাংকের কুলাউড়া শাখার সামনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ইসলামি ব্যাংক ধ্বংসের যে নীলনকশা চলছে তা বাস্তবায়ন করতে দেয়া হবেনা। অতিতেও এরকম অপচেষ্টা করা হয়েছিলো তাদের পরিনতির কথা ভাবুন। ফোরামের সেক্রেটারি এনামুল হক দেলোয়ারের উপস্থাপনায় ফোরামের সভাপতি জাকির হোসাইন সিদ্দিকী জামালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, লুৎফর রহমান কয়েছ, মোবাশ্বের আলী, এম এ জলিল, জসিম উদ্দিনসহ প্রমুখ। সভাপতির বক্তব্যে জাকির হোসেন সিদ্দিকী জামাল বলেন, ব্যাংকের উপর গভর্নরের অবৈধ হস্তক্ষেপ বন্ধ করতে হবে। ইসলামি ব্যাংকের চেয়ারম্যান ওমর ফারুককে জোরপূর্বক পদচ্যুত করার অপচেষ্টা বন্ধ করতে হবে। দেশের ব্যাংকখাত ধ্বংসকারী এস আলমকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে।

ইসলামী ব্যাংক ধ্বংসের নীলনকশা বাস্তবায়ন করতে দেওয়া হবেনা।

কাপাসিয়া (গাজীপুর): বাংলাদেশের ইসলামী ব্যাংকের উপর সরকার বা বাংলাদেশ ব্যাংকের নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে গাজীপুর জেলার কাপাসিয়ায় বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে রবিবার সকাল ১১ টায় উপজেলার কলেজ রোডস্থ ইসলামী ব্যাংকের সামনের সড়কে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে ইসলামি ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

মানববন্ধনে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন, সচেতন গ্রাহক ফোরামের সভাপতি প্রভাষক খাইরুল আনাম, মাওলানা এসএম সোলায়মান হোসেন, কাপাসিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মো. আবু সাঈদ, মাওলানা আবুল কাশেম, আকরাম হোসাইন প্রমুখ।

‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে ব্যাংকের সাধারণ গ্রাহক, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, আলেম ওলামা সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। ঘন্টাব্যাপী আয়োজিত

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারের আমলে ব্যাংক ডাকাত খ্যাত এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকে নজিরবিহীন লুটপাট ও চরম বিপর্যয় চালিয়েছে। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ব্যাংকটি লুটেরাদের কবল থেকে উদ্ধার করা হলেও, বর্তমানে আবারও সেই পুরনো চক্রকে ভিন্ন উপায়ে ফিরিয়ে আনার অপচেষ্টায় লিপ্ত রয়েছে একটি নব্য কুচক্রী মহল। একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে বিভিন্নভাবে হস্তক্ষেপ করছে, যা ব্যাংকের সুনাম ও সুখ্যাতিকে নষ্ট করছে।

কুড়িগ্রাম সংবাদদাতা: গ্রাহকদের আস্থা ব্যাংকে স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহাল, ব্যাংকের পরিবেশ ধ্বংসকারী ক্ষমতা লোভী কুচক্রী এএমডি কামাল উদ্দিন জসিমকে অবিলম্বে বহিষ্কার, ব্যাংকের দৈনন্দিন কাজে অবৈধ হস্তক্ষেপ ও দৃশ্যমান উন্নতি করতে না পারার দায়ে চেয়ারম্যান ড: জুবায়ের রহমানের পদত্যাগ ও ইসলামী ব্যাংকের গভর্নর এর অবৈধ হস্তক্ষেপ, ইসলামী ব্যাংকিং খাত ধ্বংসের পায়তারা বন্ধ এবং অবিলম্বে এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে ভুক্তভুগি গ্রাহক ও সচেতন নাগরিক।

রোববার (২৪ মে) ঘোষপাড়াস্থ ইসলামি ব্যাংকের সামনে ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদ এর আয়োজনে বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক লিয়াকত আলীর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের গ্রাহক এবং অন্যতম বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি আলহাজ্ব ওয়াহেদ আলী, প্রভাষক মাহফুজুর রহমান, মো: আতাউর রহমান ও মোসা: লুৎফুন্নেছা প্রমুখ।

হরিরামপুর (মানিকগঞ্জ): ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ওপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানিকগঞ্জ ইসলামী ব্যাংকের গ্রাহকরা। রোববার (২৪ মে) বেলা ১১টায় মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে ইসলামী ব্যাংক মানিকগঞ্জের গ্রাহকবৃন্দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন গ্রাহক ইঞ্জিনিয়ার মোসলিম উদ্দিন, মো. হুমায়ুন কবির, মোহাম্মদ জাহিদুর রহমান ও মোহাম্মদ বাবুল মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, দেশের অন্যতম বৃহৎ ইসলামী ধারার ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু একটি মহল ব্যাংকটিকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। এ ধরনের কর্মকা- থেকে ব্যাংকটিকে রক্ষা করতে দেশের বিপুল সংখ্যক গ্রাহক ঐক্যবদ্ধ রয়েছেন বলেও তারা উল্লেখ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকসেবা যেন কোনোভাবে ব্যাহত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে ব্যাংককে ঘিরে যেকোনো ধরনের ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা রুখে দিতে গ্রাহকরা সচেতন রয়েছেন বলেও জানান তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যাংকের স্থিতিশীলতা ও স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক অংশ নেন এবং ব্যাংকের কার্যক্রমে স্থিতিশীলতা বজায় রাখার দাবি জানান।

বুড়িচং : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসিসহ সকল ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনাসহ ৮টি দাবীতে গ্রাহক ফোরামের পক্ষ থেকে কুমিল্লার বুড়িচংয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৪ মে রবিবার সকাল ১০ টায় কুমিল্লার বুড়িচং উপজেলার বসুন্ধরা চত্বরে গ্রাহক ফোরামের সভাপতি মাওলানা জাকারিয়া খানের সভাপতিত্বে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোঃ সোলাইমান পাটোয়ারী,বারেশ্বর জামে মসজিদের খতিব মাওলানা ইসমাঈল হোসেন,রাজাপুর দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবদুর রউফ,তানজিমুল উম্মা মাদরাসার অধ্যক্ষ মাসুদ মৈশান, পূর্ব জগতপুর আবির মাহমুদ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ওমর ফারুক সোহেল। মানববন্ধনে উপস্থিত ছিলেন গ্রাহক শরিফুল ইসলাম, আসাদুজ্জামান, শ্রমিক নেতা ইসমাইল, শ্রমিক নেতা আবু ইউসুফ,মহসিন খান,মাস্টার মনিরুল ইসলাম, মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন গ্রামের অসংখ্য গ্রাহকবৃন্দ।

পাবনা: পাবনায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ঘিরে “পুনরায় অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা”র অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। বক্তারা অভিযোগ করেন, পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে বিভিন্ন সংস্থাকে ব্যবহার করে দেশের ব্যাংকিং খাতকে দুর্বল করা হয়েছিল, বর্তমানে একই ধরনের “নোংরা খেলা” আবারও শুরু হয়েছে। রোববার (২৪ মে) সকাল ১১ টা য় পাবনা শহরের আব্দুল হামিদ রোডস্থ শহীদ চত্বরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আহ্বায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে এবং ব্যাংকের গ্রাহক অধ্যক্ষ একরামুল হকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল আলম হেলাল, নূরে ইসলাম উজ্জ্বল, মঞ্জিল হকসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, বিগত সরকারের সময় বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করে এস আলম গ্রুপের হাতে দেশের অন্যতম বৃহৎ ব্যাংক ইসলামী ব্যাংককে তুলে দেওয়া হয়েছিল। এর ফলে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে এবং সাধারণ গ্রাহকদের মধ্যে চরম অনিশ্চয়তা সৃষ্টি হয়। বর্তমানে আবারও এস আলমকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে অভিযোগ তুলে তারা এর তীব্র নিন্দা জানান।

সভাপতির বক্তব্যে আব্দুর রহমান বলেন, “পতিত ফ্যাসিস্ট সরকার পরবর্তী সময়ে ব্যাংক পরিচালনা হওয়া উচিত স্বচ্ছ নীতিমালা ও সুশাসনের ভিত্তিতে। ইসলামী ব্যাংক বর্তমানে একটি স্থিতিশীল অবস্থায় ফিরে আসার চেষ্টা করছে। কিন্তু আবারও এস আলমকে পুনর্বহালের চেষ্টা করা হলে ব্যাংক ধ্বংসের মুখে পড়বে। গ্রাহক হিসেবে আমরা কোনো অবস্থাতেই তা মেনে নেব না। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

তিনি আরও বলেন, ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর সরকারকে পুনরায় বহাল রাখতে হবে এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে রাজনৈতিক বা গোষ্ঠীগত হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক ও আমানতকারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এসময় তারা ব্যাংকে কথিত হস্তক্ষেপ বন্ধ, পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং বিভিন্ন দাবিতে স্লোগান দেন। পাশাপাশি এস আলমের ফাঁসির দাবিও জানান তারা। রবিবার (২৪ মে) সকাল সাড়ে ১০টায় জেলা শহরের ২ নম্বর খলিফাপট্টি এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিরাজগঞ্জ শাখার সামনে ইসলামী ব্যাংক সচেতন আমানতকারী ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ব্যাংকের নারী গ্রাহকরাও অংশ নেন এবং বিভিন্ন দাবির প্রতি সমর্থন জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, তদন্ত কমিটির নামে অবৈধদের বৈধতা দেওয়ার অপচেষ্টা বন্ধ করতে হবে। একই সঙ্গে ব্যাংক রেজুলেশন আইন ১৮/ক ধারা বাতিল, এস আলম কর্তৃক পাচারকৃত অর্থ ফেরত আনা, ইসলামী ব্যাংকের ওপর হস্তক্ষেপ বন্ধ এবং ব্যবস্থাপনা পরিচালকের ছুটি বাতিলের দাবি জানান তারা।

এসময় অংশগ্রহণকারীরা এস আলমের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রুহুল আমিন সিদ্দিক খসরু এবং সঞ্চালনা করেন ব্যবসায়ী আল আমিন খন্দকার।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির সেক্রেটারি ওমর ফারুক খান, জেলা সভাপতি মোশারফ হোসেন আকন্দ, ব্যাংকের শেয়ারহোল্ডার ড. খ. ম আব্দুর রাজ্জাক এবং মহিলা উদ্যোক্তা সাথি আক্তার।

সাতক্ষীরা: সাম্প্রতিক সময়ে ব্যাংক রেজুলেশন আইন পাসের পর পুনরায় পুরোনো দখলদার বা বিতর্কিতদের হাতে ইসলামী ব্যাংক চলে যাওয়ার গুঞ্জন ও ষড়যন্ত্রের প্রতিবাদে সাতক্ষীরাতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক ও সচেতন নাগরিকরা মানববন্ধন করেছেন রবিবার ২৪ মে সকাল ১০টার দিকে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ ও ‘ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ’ সাতক্ষীরা-এর সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ইসরামি ব্যাংকের গ্রাহক আব্দুর রহিম, মনিরুল ইসলাম বেলালি, মনিরুল ইসলাম ফারুকি, তানজিলা বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, এস আলমসহ কোনো বিতর্কিত গোষ্ঠী যেন নতুন করে ইসলামী ব্যাংক দখলের সুযোগ না পায়, সেদিকে সরকারকে কঠোর নজর রাখতে হবে। ব্যাংক থেকে লুটপাট হওয়া ও বিদেশে পাচার হওয়া সমুদ্রে অর্থ দেশে ফিরিয়ে আনতে হবে।যারা অবৈধভাবে ব্যাংক দখলের চেষ্টা চালাচ্ছে বা বিশৃঙ্খলা তৈরি করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমানতকারীদের কষ্টার্জিত অর্থ ও ব্যাংকের শরীয়াহভিত্তিক সুনাম রক্ষা করতে হবে। মানববন্ধনে কযেকশ নারী ও পুরুষ গ্রাহক ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে মানববন্ধন প্রদর্শন করেন।

ময়মনসিংহ: ইসলামী ব্যাংক সমূহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

রবিবার (২৪ মে) সকাল ১১ টায় ময়মনসিংহ নগরীর ছোটবাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ ময়মনসিংহ শাখা সামনে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা ইসলামী ব্যাংক থেকে এস আলমের পাচার হওয়া অর্থ ফেরত আনার দাবিতে জোরালো দাবি জানান। বিভিন্ন স্লোগান- পাচারকৃত অর্থ ফিরিয়ে দাও, দিতে হবে; আর্থিক প্রতিষ্ঠান দলীয়করণ মানিনা মানবো না; ব্যাংক লুটেরা ও তার দোসরদের পুনর্বাসন বন্ধ কর, করতে হবে; ইসলামী ব্যাংক দখলের পাঁয়তারা বন্ধ করতে হবে; এমন লিখিত প্যানা ফেস্টুন নিয়ে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহকরা মানববন্ধনে যোগদেন।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি শামসুদ্দোহা মাসুমের সভাপতিত্বে ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল বারীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী আমিন আকবরী, ডা. আসাদুজ্জামান, আদর্শ শিক্ষক পরিষদ ময়মনসিংহ শাখার সেক্রেটারি অধ্যাপক আল হেলাল তালুকদার, শফিকুল ইসলাম, সাইফুল ইসলামসহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।

বাগেরহাট: লুটেরা এস আলমের প্ররোচনায় ইসলামী ব্যাংকের উপর সরকার অথবা বাংলাদেশ ব্যাংকের নগ্ন হস্তক্ষেপ, ইসলামী ব্যাংক সমূহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনা এবং ইসলামী ব্যাংকিংখাত ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ২৪ মে রবিবার সকালে বাগেরহাটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম মানববন্ধন করেছে। এদিন সকাল দশটায় ব্যাংকের শত শত গ্রাহক তাদের দাবি সংবলিত ব্যানার ও বিভিন্ন ব্ল্যাক কার্ড নিয়ে বাগেরহাট শহরের পুরাতন কোর্ট মসজিদ চত্বরে ইসলামী ব্যাংকের বাগেরহাট শাখার সামনে জমায়েত হয়। এখানে গ্রাহকগণ কিছুক্ষণ অবস্থান করার পর বাগেরহাট প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করে।