চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক কিশোরীকে (১৩) ধর্ষণের পর মোবাইলে ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক চা দোকানির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মোবারক হোসেন সরদার (৫২) নামে ওই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের লেজাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মোবারক হোসেন সরদার ওই এলাকায় চা-বিস্কুট ও রুটির দোকান পরিচালনা করেন। তার পাঁচ ছেলে-মেয়ে রয়েছে। ভুক্তভোগী কিশোরী তার আত্মীয়ের মেয়ে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে মোবারক কৌশলে ওই কিশোরীকে ডেকে তার বসতঘরে নিয়ে যান। ওই সময় ঘরে পরিবারের কেউ ছিলেন না বলে অভিযোগ। সেখানে কিশোরীকে ধর্ষণ করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন তিনি। বিষয়টি কাউকে না জানাতে কিশোরীকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, ঘটনার ৩-৪ দিন আগে মোবারক ওই ভিডিও ছড়িয়ে দেন। এতে বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে বৃহস্পতিবার রাতে কিশোরীর বাড়িতে সালিস বসে। সেখানে মোবারক উপস্থিত না থাকলেও তার পক্ষের কয়েকজন উপস্থিত ছিলেন। কোনো সিদ্ধান্ত ছাড়াই সালিস শেষ হয়।

শুক্রবার সকাল ১০টার দিকে মোবারক কিশোরী ও তার পরিবারকে হুমকি দেন এবং দেখে নেওয়ার কথা বলেন বলে অভিযোগ ওঠে। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে তাকে মারধর করেন। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, তাঁর মেয়ের জীবন ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নঈমুল ইসলাম রাজিব বলেন, আহত মোবারকের মাথা ও শরীরে জখম রয়েছে। তাঁকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, শুক্রবার দুপুরে মোবারককে এলাকা থেকে আটক করা হয়েছে। মেয়েটির পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।