দুধের জন্য কাঁদছিল দুই শিশু। বাচ্চাদের চিৎকারে লোকজন ছুটে আসে। মা ছাড়া দুটি বাচ্চাকে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাকে আটকে জিজ্ঞাসাবাদ করলে সে অসংলগ্ন কথা বলে। একবার তার বাড়ি পুটিমারী, আবার মঙ্গলবাড়িয়া বলে জানায়। এতে জনসাধারণের মাঝে আরও সন্দেহ হয়।
কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা বক্সব্রিজ মোড়ে এ ঘটনা ঘটেছে। বাচ্চাদের কান্না থামাতে স্থানীয়রা দুধ কিনে খাওয়ালে শিশুরা শান্ত হয়।

জানা যায়, মা ছাড়া দুটি বাচ্চা নিয়ে জনগণের তোপের মুখে পড়ে এক ব্যক্তি। এক মাস বয়সী দুটি বাচ্চাকে নিয়ে যাওয়ার সময় কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা বক্সব্রিজ মোড়ে স্থানীয়রা তাকে আটকে রাখে। ওই ব্যক্তির দাবি, বাচ্চা দুটি তার। সে পোড়াদহ স্টেশনে থাকে।
তার নাম রফিকুল ইসলাম। সে কুষ্টিয়ার মঙ্গলবাড়িয়া কানাবিল মোড়ের আবেদ আলীর পুত্র বলে জানায়।
তার স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বের কারণে সে সন্তানদের নিয়ে চলে যাচ্ছিল। তবে স্থানীয়রা বলছেন, সে দুটি বাচ্চা চুরি করে পালাচ্ছিল। এ নিয়ে আইলচারা মোড়ে চরম শোরগোল সৃষ্টি হয়েছে।
পরে তার স্ত্রীকে আনার চেষ্টা করে স্থানীয়রা। এ বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে।