দেশের অধিকাংশ মানুষ জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত রুকন (সদস্য) বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, “একই দিনে দুটি ভোটের একটি মেনে নিয়ে আরেকটি না মেনে বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে।” জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চান বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, তেল, বিদ্যুৎ, গ্যাস ও সারের সংকট মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে। এসব সংকটের কারণে সাধারণ মানুষ ও কৃষকেরা দুর্ভোগে পড়েছেন।
সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় রুকন বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসাইন। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মাওলানা আজাদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুর রহমান, মুহাদ্দিস আলাউদ্দীন ও মাওলানা আব্দুস সবুর।
এ সময় উপজেলা কর্মপরিষদের সদস্য এবং বাঁশদহা, কুশখালী, বৈকারী, ঘোনা, শিবপুর, আগরদাড়ী, ঝাউডাঙ্গা ও বল্লী ইউনিয়নের রুকন সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদার, দায়িত্বশীলদের করণীয় এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।