গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ-পূর্বপাড়া মসজিদসংলগ্ন এলাকায় মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডলের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয়দের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডল।
উঠান বৈঠকে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিকদের প্রত্যাশার কথা শোনেন। এ সময় এলাকার রাস্তাঘাট, নাগরিক সুযোগ-সুবিধা, পরিচ্ছন্নতা, পানি নিষ্কাশনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। স্থানীয়রা তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডল বলেন, “একটি পৌরসভাকে পরিকল্পিত, পরিচ্ছন্ন ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হলে জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা জরুরি। জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থেকে নাগরিক সেবা নিশ্চিত করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব।”
উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমর্থক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।