মালয়েশিয়ার জোহর রাজ্যে পৃথক অভিযানে তিনটি কারখানা থেকে ১৫৫ বাংলাদেশিসহ ২৩৪ বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মুয়ার ও বাতু পাহাত এলাকায় এসব অভিযান চালানো হয়। আটক শ্রমিকদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান এবং অনুমোদিত পাস বা ওয়ার্ক পারমিটের অপব্যবহারের অভিযোগ রয়েছে।

জোহর ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, প্রথম অভিযান চালানো হয় মুয়ারের পারিত জামিল এলাকায় দুটি আসবাব কারখানায়। সকাল ১১টার দিকে শুরু হওয়া প্রায় দুই ঘণ্টার ‘Ops Mahir’ অভিযানে ১৭৬ জন পুরুষ বিদেশি শ্রমিককে আটক করা হয়। তাদের মধ্যে ১৪৭ জন বাংলাদেশি, ২৭ জন নেপালি, দুজন চীনা ও একজন মিয়ানমারের নাগরিক ছিলেন।

অভিযানের সময় কয়েকজন শ্রমিক পালানোর চেষ্টা করেন। তবে ইমিগ্রেশন কর্মকর্তারা পুরো কারখানা এলাকা ঘিরে রাখায় তারা পালাতে পারেননি। এ সময় কারখানার ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত দুই মালয়েশীয় নারী কর্মীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

এরপর বাতু পাহাতের জালান আয়ার হিতাম-ইয়ং পেং এলাকায় একটি কাঠের কারখানায় অভিযান চালানো হয়। দুপুর ১২টার দিকে শুরু হওয়া এ অভিযানে সাত নারীসহ ৫৮ জন বিদেশি শ্রমিক আটক হন। তাদের মধ্যে ২৪ জন মিয়ানমারের, ১৬ জন ভারতের, আটজন বাংলাদেশের, সাতজন চীনের, দুজন নেপালের এবং একজন পাকিস্তানের নাগরিক। অভিযানে স্থানীয় এক ট্রাকচালককেও আটক করা হয়।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে অভিবাসন আটককেন্দ্রে পাঠানো হয়েছে।