বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক পৃথক সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৪ জন শিক্ষক এবং ৩ জন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল (২২ জুন ২০২৬), সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে এই সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িকভাবে বরখাস্ত হওয়া শিক্ষকগণ হলেন: অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ (লোক প্রশাসন বিভাগ); অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন (সমাজবিজ্ঞান বিভাগ); অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম (ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগ); অধ্যাপক ড. তাশরিক-ই-হাবিব (বাংলা বিভাগ)।

সাময়িকভাবে বরখাস্ত হওয়া কর্মকর্তাগণ হলেন: বাহালুল হক চৌধুরী (পরীক্ষা নিয়ন্ত্রক); লাভলু মোল্লা (ডেপুটি রেজিস্ট্রার, রেজিস্ট্রারের ব্যক্তিগত শাখা); মোছাম্মৎ শারমিন জাহান (সহকারী রেজিস্ট্রার, রেজিস্ট্রার অফিসের প্রশাসন-১ শাখা; বর্তমানে লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটে কর্মরত)।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সাময়িকভাবে বরখাস্তের আদেশ চলাকালীন সময়ে অভিযুক্ত এই শিক্ষক ও কর্মকর্তাগণ বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি মোতাবেক কেবল ‘জীবন ধারণ ভাতা’ (Subsistence Allowance) পাবেন। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়া নিয়মানুযায়ী চলমান থাকবে।