১৮৮২ সালের ‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট’ সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বৃহস্পতিবার বিলটি সংসদে উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

প্রস্তাবিত বিলে পিতা-মাতা বা পিতামহ-মাতামহের কাছ থেকে সন্তান বা নাতি-নাতনিকে, অথবা স্বামী-স্ত্রীর মধ্যে সম্পত্তি দানের ক্ষেত্রে দাতার জীবদ্দশায় ওই সম্পত্তির ভোগাধিকার সংরক্ষণের বিধান রাখা হয়েছে।

বিলে বলা হয়েছে, পিতা-মাতা বা পিতামহ-মাতামহ কর্তৃক সন্তান বা নাতি-নাতনিকে এবং স্বামী-স্ত্রীর মধ্যে সম্পত্তি দান করার পরও দাতা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ভোগ করতে পারবেন। দাতার জীবদ্দশায় সম্পত্তির গ্রহীতার মৃত্যু হলে, ভোগাধিকার অব্যাহত থাকবে এবং আইন অনুযায়ী সম্পত্তি গ্রহীতার ওয়ারিশদের কাছে স্থানান্তরিত হবে।

দাতার ভোগাধিকার সংরক্ষণের বিধান

বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে আইনমন্ত্রী বলেন, বিদ্যমান আইনে সম্পত্তি হস্তান্তরের পদ্ধতি সম্পর্কে বিধান থাকলেও দাতার জীবনকাল পর্যন্ত সম্পত্তির ভোগাধিকার সংরক্ষণ করে দানের বিষয়ে সুনির্দিষ্ট কোনো বিধান নেই।

প্রস্তাবিত সংশোধনের মাধ্যমে জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণপূর্বক দানকে সম্পত্তি হস্তান্তরের একটি স্বতন্ত্র পদ্ধতি হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সব ধর্মাবলম্বীর জন্য প্রযোজ্য

বিলে উল্লেখ করা হয়েছে, প্রস্তাবিত এই বিধান সব ধর্মাবলম্বীর ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হবে। তবে এর ফলে প্রচলিত সাধারণ দান, মুসলিম আইনের অধীন হেবা কিংবা আইন দ্বারা স্বীকৃত অন্য কোনো ধরনের সম্পত্তি হস্তান্তর পদ্ধতির ওপর কোনো প্রভাব পড়বে না।

একই সঙ্গে বিদ্যমান কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবে না বলেও বিলে উল্লেখ করা হয়েছে।