‘ড্রাগসকে না বলো, জীবনকে হ্যাঁ বলো’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন ‘তারুণ্যের ঐক্য ফাউন্ডেশন’-এর উদ্যোগে বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নাইন্দা সাংগুন ভেকু মার্কেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, তরুণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এর আগে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সংগঠনটির উদ্যোগে টানা দুই দিন এলাকায় শব্দযন্ত্রের (মাইক) মাধ্যমে মাদকবিরোধী প্রচারণা চালানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, একটি পরিবার ও পুরো সমাজকেও বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও বিভিন্ন সৃষ্টিশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। বক্তারা মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও জোরালো প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

তারুণ্যের ঐক্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মারুফ আহমদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আফতাব উদ্দিন আতা।

এ সময় তারুণ্যের ঐক্য ফাউন্ডেশনের সহসভাপতি মো. আরিফ আল-মাহমুদ, সাধারণ সম্পাদক মো. আশিক হাসান, সহসাংগঠনিক সম্পাদক মো. রাসেল মিয়া, কোষাধ্যক্ষ মো. সেলিম আহমেদ, ক্রীড়া সম্পাদক মো. কাওছার আহমেদ, ধর্মবিষয়ক সম্পাদক মো. ছাদেক মিয়া, প্রচার সম্পাদক মো. জহিরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।