স্টাফ রিপোর্টার

সফররত ফরাসি সিনেটরদের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার রাজধানীর গুলশানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, জুলাই বিপ্লব-পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার, জুলাই সনদ, সংসদীয় কার্যক্রম, জলবায়ু পরিবর্তন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

ফরাসি প্রতিনিধিদলে ছিলেন সিনেটর গিয়োম শেভ্রিয়েঁ, সিনেটর পিয়ের-আলাঁ রোয়েরোঁ ও সিনেটর অলিভিয়ের হেনো। তাঁদের সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং ঢাকায় ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক শাখার প্রধান ক্রিশ্চিয়ান বেক।

জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি এবং বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

বৈঠকে জামায়াতের প্রতিনিধিদল জুলাই বিপ্লব-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা, দেশের গণতান্ত্রিক উত্তরণ এবং চলমান রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার প্রক্রিয়া সম্পর্কে ফরাসি প্রতিনিধিদের অবহিত করেন। গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, জবাবদিহি নিশ্চিত করা এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় অর্থবহ ও টেকসই সংস্কারের ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

জামায়াতের প্রতিনিধিরা জুলাই সনদের গুরুত্ব তুলে ধরে বলেন, এতে থাকা গুরুত্বপূর্ণ অঙ্গীকারগুলোকে কার্যকর প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক ব্যবস্থায় রূপ দেওয়া প্রয়োজন। প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সরকারের অনীহা বা যথাযথ উদ্যোগের অভাব রয়েছে বলেও তাঁরা ফরাসি প্রতিনিধিদের কাছে বিষয়টি তুলে ধরেন। তাঁদের মতে, প্রয়োজনীয় সংস্কার কোনোভাবেই বিলম্বিত করা উচিত নয়। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে জনগণের যে আকাক্সক্ষা প্রকাশ পেয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও শাসনব্যবস্থার সংস্কারের মাধ্যমে তার প্রতিফলন ঘটাতে হবে।

সংসদীয় কার্যক্রম ও সংসদীয় গণতন্ত্র নিয়েও বৈঠকে আলোচনা হয়। জাতীয় সংসদের ভূমিকা ও কার্যকারিতা আরও শক্তিশালী করা, বিরোধী দলগুলোর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা এবং গণতান্ত্রিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সংসদীয় চর্চা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন জামায়াতের প্রতিনিধিরা। পাশাপাশি সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে গঠনমূলক সংলাপ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রাজনৈতিক মতপার্থক্য গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিকভাবে সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বিরোধী দলগুলোর চলমান রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন নিয়েও আলোচনা হয়। জামায়াতের প্রতিনিধিদল লংমার্চসহ বিভিন্ন কর্মসূচির রাজনৈতিক প্রেক্ষাপট ও উদ্দেশ্য সম্পর্কে ফরাসি সিনেটরদের অবহিত করেন। রাজনৈতিক অধিকার ও দাবি আদায়ের কর্মসূচি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সাংবিধানিক পদ্ধতিতে পরিচালনার ওপর তাঁরা গুরুত্ব দেন।

আলোচনায় জলবায়ু পরিবর্তন ও এর প্রভাবও গুরুত্ব পায়। বাংলাদেশের জলবায়ু ঝুঁকির বিষয়টি তুলে ধরে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন, অভিযোজন কর্মসূচি এবং প্রযুক্তি হস্তান্তর জোরদারের প্রয়োজনীয়তার কথা বলেন জামায়াতের প্রতিনিধিরা।

ফরাসি সিনেটররা বাংলাদেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। এ সময় সংসদীয় গণতন্ত্র, রাজনৈতিক অংশগ্রহণ ও বাংলাদেশ-ফ্রান্সের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়।