স্টাফ রিপোর্টার
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গতকাল সোমবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত সীরাতুন্নবী (সা.) কনফারেন্সে যোগ দিয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ ঘোষণা দেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচনে জোটবদ্ধভাবে নির্বাচন হলেও স্থানীয় নির্বাচনে দলগুলো আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। সে অনুযায়ী ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে জামায়াতের দুই প্রার্থী নির্ধারণ করা হয়েছে। ঢাকা উত্তরে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে সাদিক কায়েম নির্বাচন করবেন।
এদিকে ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ভাঙচুরের প্রসঙ্গেও কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, যারা প্রথাগত রাজনীতি করে এবং এই ভূখ-ের ইতিহাস সম্পর্কে জানে না, তারা এ ধরনের আচরণ করতে পারে।
গোলাম পরওয়ারের বক্তব্যের মধ্য দিয়ে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে সাদিক কায়েম ও মোহাম্মদ সেলিম উদ্দিনের নাম আনুষ্ঠানিকভাবে সামনে এলো।