‎‎‎কুমিল্লা অফিস

‎সংকটে ঐক্যই সবচেয়ে বড় সমাধান বলে ঐক্যের আহ্বান করেছেন জাতীয় সংসদের হুইফ এ বি এম আশরাফ উদ্দিন নিজান। কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক বিষয়াবলী নিয়ে সরকারি বিভিন্ন দপ্তর প্রধান ও কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্টদের সাথে পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন হুইফ।

‎হুইপ নিজান বলেন, জাতীয় রাজনীতি ভিন্ন ভিন্ন ভাবে করলেও যার যার অবস্থান থেকে রাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্বভৌমত্বের স্বার্থে আমাদের পররাষ্ট্রনীতি এক।

‎‎এদিকে নিরাপত্তা, আকার আর চাহিদার কথা চিন্তা করে কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের নতুন যাত্রা শুরুর প্রস্তাবের কথা জানান গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। বক্তব্যে তিনি বলেন, ইতোমধ্যেই সেটি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। সেই বিষয়ে কাজ চলমান আছে।

‎‎বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদে বাংলাদেশের দুটি বিভাগ করার সিদ্ধান্ত দেয়া আছে। একটা হচ্ছে কুমিল্লা আরেকটা ফরিদপুর। কুমিল্লা বিভাগ করতে যা যা প্রয়োজন আমরা সবাই মিলে বসে করবো, কুমিল্লা বিভাগ হবে।

‎ডা. তাহের আরো বলেন, হুইপ নিজান একজন উন্নত মনের মানুষ, জ্ঞানী মানুষ, কুমিল্লার সরকারি উন্নয়ন কাজের তদারকি সমন্বয়ের দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ-

‎‎এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, কুমিল্লা নোয়াখালীর দীর্ঘদিনের সাংস্কৃতিক ও আত্মীয় সম্পর্ক আছে। আমরা চাইনা কুমিল্লা বিভাগ নিয়ে নোয়াখালী ও কুমিল্লার মধ্যে কোন আঞ্চলিক দ্বন্দ্বের সৃষ্টি হোক।

‎‎এর আগেই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিরোধীদলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন, কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আতিকুল ইসলাম শাওন, কুমিল্লা জেলা প্রশাসক রোজি আক্তার, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ সরকারের সকল দপ্তরের দপ্তর প্রধান ও উপজেলা নির্বাহী অফিসারগণ।