মিয়ানমারে ৫.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে বাংলাদেশের চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
রোববার (১০ মে) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস। সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, ১০ কিলোমিটার গভীরে অবস্থিত ভূমিকম্পের কেন্দ্রস্থলটি প্রাথমিকভাবে ২০.৪৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩.৯৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত বলে নির্ণয় করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সিদোকতায়া থেকে ১১ কিলোমিটার দূরে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আর বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে, শনিবার (৯ মে) বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এদিন বিকেল ৩টা ১০ মিনিটের দিকে অনুভূত এই কম্পনে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আকস্মিক এই কম্পনে জনমনে সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়।