রাজশাহী, পাবনা, বগুড়া ও টাঙ্গাইল অঞ্চলের ওপর দিয়ে আজ ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার (৯ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া ও টাঙ্গাইল অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এই সময়ে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে গত শুক্রবার রাতে প্রকাশিত পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তবে দেশের বাকি অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশজুড়ে গরম খুব একটা কমার সম্ভাবনা নেই। আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত বহাল থাকায় সংশ্লিষ্ট নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া বজ্রবৃষ্টির সময় সাধারণ মানুষকে খোলা জায়গায় না থেকে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানানো হয়েছে।