মনসুর আহমদ
ঢাকা বাংলাদেশের রাজধানী ও অন্যতম বৃহৎ মহানগর। ঢাকা বাংলাদেশের রাজধানী ও প্রধান নগর কেন্দ্র হিসেবে দ্রুততম হারেই জনসংখ্যা বৃদ্ধি, দ্রুত নগরায়ণ ও শিল্পায়নের সম্মুখীন। এর ফলে এখানে বায়ু দূষণের মাত্রা স্থায়ীভাবে খারাপ অবস্থায় রয়েছে এবং এটি জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য একটি গুরুতর সংকটে পরিণত হয়েছে। জনসংখ্যার অতিরিক্ত চাপ এবং পরিবেশবান্ধব নীতির অভাবের ফলে ঢাকা আজ বিশ্বের অন্যতম দূষিত শহরের তালিকায় স্থান পেয়েছে।
বায়ু দূষণের জন্য ঢাকার সাম্প্রতিক র্যাঙ্কিং : ২০২৫ সালের মার্চ মাসের প্রথম দিকের একটি নির্দিষ্ট দিনে, AQI-এর ভিত্তিতে ঢাকা বিশ্বের ৭ম সর্বাধিক দূষিত শহরের তালিকায় ছিল। অন্য একটি দিনে, প্রতিবেদনে দেখা গেছে যে ঢাকা সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে ৬ষ্ঠ স্থানে রয়েছে। অন্যান্য সময়ে (২০২৫ সালের) পূর্ববর্তী প্রতিবেদনে ঢাকাকে বিশ্বব্যাপী তৃতীয় সর্বাধিক দূষিত শহর দেখানো হয়েছিল।
বায়ুদূষণ বর্তমানে ঢাকার সবচেয়ে ভয়াবহ পরিবেশগত সমস্যায় পরিণত হয়েছে। এই বায়ুদূষণ মানবস্বাস্থ্য, পরিবেশ, অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।
বায়ুদূষণের অর্থ ও ধরন : বায়ুতে যখন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া ও বিষাক্ত উপাদানের পরিমাণ স্বাভাবিক মাত্রা অতিক্রম করে, তখন তাকে বায়ুদূষণ বলা হয়। ঢাকায় বায়ুদূষণের প্রধান উপাদানগুলো হলো :
PM২.৫ ও PM১০ (সূক্ষ্ম ধূলিকণা), কার্বন মনোক্সাইড (CO), সালফার ডাই-অক্সাইড (SO₂), নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂) এবং সিসা ও অন্যান্য ভারী ধাতু।
বায়ু দূষণের মাত্রা ও পরিমাপ : বায়ু দূষণ পরিমাপের প্রধান সূচকগুলোর মধ্যে অন্যতম হলো PM২.৫ (পার্টিকুলেট ম্যাটার ২.৫ মাইক্রোমিটার বা তার চেয়েও ছোট কণা)। এই ক্ষুদ্র কণা ফুসফুসের গভীরে পৌঁছাতে পারে এবং দীর্ঘমেয়াদে বিভিন্ন শ্বাসকষ্টজনিত রোগে ভূমিকা রাখে। সম্প্রতিক গবেষণায় দেখা গেছে ঢাকায় শীতকালে PM২.৫ গড়ে ১৬৫-১৭৫ μg/m³ পর্যন্ত পৌঁছেছে, যা নিরাপদ সীমা থেকে অনেক গুণ বেশি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুযায়ী নিরাপদ গড় বা বার্ষিক গড় বায়ুদূষণের মান ১০μg/m³ (PM২.৫), যা ঢাকায় স্থায়ীভাবে ব্যাহত হচ্ছে।
ঢাকায় বায়ুদূষণের উৎসগুলো বিভিন্ন, যার মধ্যে প্রধানগুলো হলো :
১. যানবাহনের ধোঁয়া: ঢাকা শহরে প্রতিদিন লক্ষাধিক যানবাহন চলাচল করে। পুরোনো ও ফিটনেসবিহীন যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া বায়ুদূষণের অন্যতম প্রধান কারণ। ডিজেলচালিত বাস, ট্রাক ও লেগুনা সবচেয়ে বেশি ক্ষতিকর গ্যাস ছড়ায়। দ্রুত বাড়তে থাকা গাড়ি, ত্রুটিপূর্ণ গাড়ি ও অপর্যাপ্ত যানজট ব্যবস্থাপনা বায়ুতে বিষাক্ত গ্যাস ও কণা ছড়ায়।
২. ইটভাটা ও শিল্পকারখানা: ঢাকার আশপাশে অবস্থিত অসংখ্য ইটভাটা বায়ুদূষণের প্রধান উৎস। অধিকাংশ ইটভাটায় এখনও পরিবেশবিধ্বংসী পদ্ধতি ব্যবহার করা হয়, যা বিপুল পরিমাণ ধোঁয়া ও ক্ষতিকর গ্যাস বাতাসে ছড়িয়ে দেয়।
ইটভাটার ধোঁয়া এবং বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য শিল্প থেকে নির্গত SOx, NOx ও CO₂ দূষণের মাত্রা বৃদ্ধি করে।
৩. নির্মাণকাজ ও সড়কের ধুলো: ঢাকা শহরে সারাবছরই রাস্তা খোঁড়াখুঁড়ি ও বহুতল ভবন নির্মাণ চলতে থাকে। এসব নির্মাণকাজ থেকে উৎপন্ন ধুলো বাতাসে মিশে বায়ুদূষণের মাত্রা বাড়িয়ে দেয়। শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নে চলমান নির্মাণ কাজ থেকে প্রচুর পরিমাণে ধূলিকণা বায়ুতে মিশে যাচ্ছে।
৪. আন্তঃসীমান্ত বায়ুদূষণ: শীতকালে উত্তর পশ্চিম সীমান্ত এলাকার দুষিত বাতাস ঢাকায় প্রবাহিত হয়ে PM২.৫-এর মাত্রা আরো বাড়ায়।
৫. আবর্জনা ও বর্জ্য পোড়ানো: খোলা স্থানে ময়লা-আবর্জনা ও প্লাস্টিক পোড়ানোর ফলে বিষাক্ত ধোঁয়া সৃষ্টি হয়, যা ঢাকার বায়ুদূষণকে আরও ভয়াবহ করে তোলে। প্লাস্টিক পোড়ানোর ফলে বিভিন্ন ধরণের অত্যন্ত বিষাক্ত গ্যাস নির্গত হয়, যার মধ্যে রয়েছে মূলত ডাইঅক্সিন, ফুরান, হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl), কার্বন মনোক্সাইড (CO), এবং উদ্বায়ী জৈব যৌগ (VOCs)। প্লাস্টিকের ধরণ অনুসারে এই নির্গমনগুলি পরিবর্তিত হয়, PVC (HCl) এবং অন্যান্যগুলি ভারী ধাতু, সালফার ডাই অক্সাইড (SO2), এবং নাইট্রোজেন অক্সাইড (NOx) ) তৈরি করে, যা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বায়ুদূষণের প্রভাব
মানবস্বাস্থ্যের ওপর প্রভাব: বায়ুদূষণের সবচেয়ে মারাত্মক প্রভাব পড়ে মানুষের স্বাস্থ্যের ওপর। বায়ু দূষণ মানুষের স্বাস্থ্যকে মারাত্মকভাবে প্রভাবিত করে থাকে। দীর্ঘমেয়াদে বায়ুদূষণ শ্বাসকষ্ট, হাঁপানি, ফুসফুসের রোগ, হৃদরোগ, স্ট্রোক সহ বিভিন্ন গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ হয়। শিশু, বয়স্ক ও পূর্ববর্তী শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা সর্বাধিক ঝুঁকিতে থাকে।
একটি সমীক্ষায় দেখা গেছে ঢাকা শহরের মানুষের মধ্যে ৯০% লোকই বায়ুদূষণের কারণে বিভিন্ন অসুস্থতার সম্মুখীন হয়। বায়ুদূষণের কারণে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি সহ চোখ, নাক ও গলার জ্বালা এবং শিশু ও বৃদ্ধদের রোগপ্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ঢাকার বায়ুদূষণের কারণে প্রতিবছর হাজার হাজার মানুষ অকালমৃত্যুর শিকার হয়।
২. শিশু ও গর্ভবতী মায়ের ওপর প্রভাব: বায়ুদূষণের ফলে শিশুদের ফুসফুসের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কম ওজনের শিশু জন্ম, অপরিপক্ব শিশু জন্ম এবং নানা জটিলতার ঝুঁকি বেড়ে যায়।
৩. পরিবেশের উপর প্রভাব : বায়ুদূষণের ফলে গাছপালার বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। সালফার ডাই-অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইডের কারণে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি হয়, যা মাটি ও পানির গুণগত মান নষ্ট করে। জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ে।
৪. জলবায়ু পরিবর্তনে ভূমিকা : ঢাকার বায়ুদূষণ বৈশ্বিক উষ্ণায়নে ভূমিকা রাখছে। কার্বন ডাই-অক্সাইড ও কার্বন মনোক্সাইড (CO) যা অসম্পূর্ণ দহনের ফলে তৈরি হয়।এটি রঙহীন ও গন্ধহীন কিন্তু অত্যন্ত বিষাক্ত গ্যাস, ইহা মানুষের রক্তে অক্সিজেন পরিবহন বাধাগ্রস্ত সহ শ্বাসকষ্ট, মাথা ঘোরা এমনকি মৃত্যুর কারণ হতে পারে।বায়ুতে কার্বনের কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যা জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে।
৫. অর্থনৈতিক ক্ষতি ও সামাজিক ক্ষতি : বায়ুদূষণের কারণে চিকিৎসা ব্যয় বৃদ্ধি পায়, কর্মক্ষমতা হ্রাস পায় এবং উৎপাদনশীলতা কমে যায়। ফলে জাতীয় অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। দূষণের কারণে সাস্থ্যব্যয়, উৎপাদনশীলতা কমে যাওয়া এবং কর্মঘণ্টা হ্রাসের মতো বেশ কিছু আর্থিক ক্ষতি হয়। গবেষণায় দেখা গেছে, বায়ুদূষণ বাংলাদেশে সার্বিক অর্থনীতির একটি উল্লেখযোগ্য শতাংশ ক্ষতিগ্রস্ত করে, যার কারণে স্বাস্থ্য ও কাজের ব্যয় বৃদ্ধি পায়।
বায়ুদূষণ নিয়ন্ত্রণে করণীয়
১. পরিবেশবান্ধব যানবাহন : ইলেকট্রিক ও হাইব্রিড যানবাহনের ব্যবহার বৃদ্ধি করতে হবে। পুরোনো যানবাহন ধাপে ধাপে বাতিল করতে হবে।
২. ইটভাটা আধুনিকীকরণ : পরিবেশবান্ধব প্রযুক্তি (ইট) ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।
৩. শিল্পকারখানায় কঠোর নজরদারি : বর্জ্য পরিশোধনাগার (ঊঞচ) বাধ্যতামূলক করে আইন কঠোরভাবে প্রযয়াগ করতে হবে।
৪. সবুজায়ন : ঢাকা শহরে বেশি করে গাছ লাগাতে হবে এবং খোলা সবুজ স্থান সংরক্ষণ করতে হবে।
৫. জনসচেতনতা বৃদ্ধি : বায়ুদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষকে সচেতন করতে গণমাধ্যম ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপসংহার : ঢাকা শহরের বায়ুদূষণ আজ শুধু একটি পরিবেশগত সমস্যা নয়, বরং এটি একটি জাতীয় সংকট। ঢাকা শহরের বায়ু দূষণ একটি জটিল ও বহুমাত্রিক সমস্যা, যা স্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলে। গবেষণায় প্রমাণিত হয়েছে যে ঢাকার বায়ু মান নিরাপদ সীমার অনেক উপরে রয়েছে এবং তা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করছে। আধুনিক ও কার্যকর নীতি গ্রহণ, সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণ এবং প্রযুক্তিগত সমাধান ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে উঠতে পারে।