স্টাফ রিপোর্টার
চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
গতকাল শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আহত ঢামেকের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী জানান, ডিএমপিসহ দেশের সব মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, শিগগির তাদের আইনের আওতায় আনতে না পারলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি। দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনও সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে। তাদের সঙ্গে পুলিশের কোনও সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে সেই সদস্যদেরও তালিকাভুক্ত করা হবে। জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।