এক্সে, রয়টার্স : কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না জাপানের উত্তরাঞ্চলের দাবানল। পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ২ হাজার একর বনভূমি। টানা চতুর্থ দিনের মতো জ্বলতে থাকা আগুন আবাসিক এলাকার কাছে পৌঁছে যাওয়ায়, সরে যেতে বলা হয়েছে তিন হাজারের বেশি বাসিন্দাকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এক হাজারের বেশি দমকল কর্মী। টানা চারদিন ধরে দাবানলে পুড়ছে জাপানের উত্তরের ইওয়াতে অঞ্চল। আগুন পৌঁছে গেছে ওতসুচি শহরের আবাসিক এলাকার খুব কাছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় দমকল বাহিনীর পাশাপাশি টোকিওসহ আরও পাঁচটি অঞ্চল থেকে যাওয়া দল অভিযানে অংশ নিচ্ছে। দুর্গম এলাকাগুলোতে আগুন নেভাতে সেলফ-ডিফেন্স ফোর্সের হেলিকপ্টার থেকে পানি ছিটানো হচ্ছে। দাবানলের কারণে এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষকে ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১৫ বছর আগে সুনামিতে ঘরবাড়ি হারানো মানুষেরা আবারও সম্পদ হারানোর ভয়ে আতঙ্কিত। দুর্গতদের অনেকেই আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন, আবার কেউ কেউ দূরে মুরিওকা শহরে পাড়ি জমিয়েছেন।