সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, রাসুলুল্লাহ (সা.)-এর দেখানো সততা, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ চর্চার মাধ্যমেই একটি ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। তরুণ ও শিক্ষার্থীদের রাসুল (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে নীতি-নৈতিকতা অর্জন এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে আয়োজিত সীরাত মাহফিল ও নাতে রাসুল (সা.) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা মুন্সিপাড়ায় অবস্থিত আল-আমীন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান।
সাতক্ষীরা শহর শিবিরের সেক্রেটারি মো. নুরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জকসু) সহ-সভাপতি রিয়াজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল খালেক বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ছিল সততা, ন্যায়বিচার, মানবিকতা ও উত্তম চরিত্রের অনন্য দৃষ্টান্ত। তাঁর আদর্শ অনুসরণ করেই সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি তরুণ ও শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান।
প্রধান আলোচকের বক্তব্যে রিয়াজুল ইসলাম বলেন, ছাত্রসমাজকে শুধু পাঠ্যপুস্তকনির্ভর জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। সততা ও নৈতিকতার চরম উৎকৃষ্ট দৃষ্টান্ত রাসুল (সা.)-এর জীবনাদর্শ থেকে শিক্ষা নিতে হবে। একটি সমৃদ্ধ ও জুলুমমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে সীরাতের আলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
মাহফিলে আরও বক্তব্য দেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মোমিন। এ সময় উপস্থিত ছিলেন শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক আরিফ বিল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান, কলেজ কার্যক্রম, মিডিয়া ও তথ্য সম্পাদক মো. মাসুদ রানা, মানবসম্পদ ও গবেষণা সম্পাদক ইমরান হোসেন আফজাল, দাওয়াহ ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মো. শাহনেওয়াজ, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক মো. ওয়ালীউল্লাহ, প্রকাশনা ও স্কুল কার্যক্রম সম্পাদক মো. মাসুদুজ্জামান, এইচআরডি, পাঠাগার, ব্যবসায় শিক্ষা ও ছাত্র অধিকার সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক মো. হাসানুল বান্না।
অনুষ্ঠানে সীরাতুন্নবী (সা.)-এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং নাতে রাসুল (সা.) পরিবেশন করা হয়।