গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের বাউনী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. মারুফ হোসেন সবুজ প্রধান এবং সাধারণ সম্পাদক পদে সুমন বিজয়ী হয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মোট ৫৯ জন ভোটারের মধ্যে ৫৭ জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে ছাতা প্রতীকে মো. মারুফ হোসেন সবুজ প্রধান ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজাদ হোসেন স্বপন চেয়ার প্রতীকে পেয়েছেন ২৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকে সুমন ৩১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নরুল ইসলাম পেয়েছেন ১৬ ভোট।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন গোসিংগা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক আহমেদ। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন খন্দকার মো. উবায়েদ উল্লাহ ও ইঞ্জিনিয়ার লুৎফর রহমান প্রধান আলম। নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেন শামসুল ইসলাম।
ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া, গোসিংগা বাজারের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, স্থানীয় মেম্বার মোস্তাফিজুর রহমান সেলিম, সাংবাদিক হাদিউল আলম মোড়ল, ব্যবসায়ী মো. শামীমসহ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশন, প্রার্থী ও ভোটারদের ধন্যবাদ জানান নবনির্বাচিত নেতৃবৃন্দ। নতুন কমিটির নেতৃত্বে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও বাজারের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন ব্যবসায়ীরা।