বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেন, ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী গত ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার পেয়েছে। সর্বস্তরে আইনের শাসন, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপি সবসময় নিবেদিত।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে দলের নেতাকর্মীদের জনগণের প্রতি দায়বদ্ধ থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে হাবিবুর রশিদ বলেন, সহযোদ্ধাদের রক্ত ও অগণিত মানুষের প্রাণের বিনিময়ে আজকের মুক্ত পরিবেশ অর্জিত হয়েছে। স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি কখনো আপস করেনি। শহীদদের রক্তের প্রতি দায়বদ্ধ থেকে এমনভাবে কাজ করতে হবে, যাতে কোনোভাবেই স্বৈরাচার, জুলুম ও নিপীড়নের পুনরাবৃত্তি না ঘটে।

গাজীপুরকে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, গাজীপুরকে একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে হবে। এখানে কোনো ধরনের বৈষম্য, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির স্থান থাকবে না। যেকোনো ষড়যন্ত্র ও অপচেষ্টা মোকাবিলায় গাজীপুর জেলা বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সভায় প্রধান বক্তার বক্তব্যে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, বিএনপি মূলধারার জনগণের দল এবং জনগণই বিএনপির প্রধান শক্তি। স্বৈরাচারী শাসনামলে সীমাহীন অত্যাচার-নির্যাতন সহ্য করেও দলের নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ ছিলেন।

তিনি ব্যক্তিস্বার্থে দলে সুযোগসন্ধানীদের ভিড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, বিএনপির পতাকাতলে কোনো ভাড়াটে বা সুবিধাবাদীর প্রয়োজন নেই। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়েই বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুমায়ুন কবির খান, ডা. রফিকুল ইসলাম বাচ্চু এমপি, মজিবুর রহমান এমপি, ওমর ফারুক সাফিন ও শাহ রিয়াজুল হান্নান প্রমুখ।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দলের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। একই সঙ্গে তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে উদ্বুদ্ধ হয়ে একটি শোষণমুক্ত, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।