এএফপি, আল-জাজিরা, তাস : রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এই তথ্য জানিয়েছে। সফররত ইরানি পররাষ্ট্রমন্ত্রী সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। এর আগে পাকিস্তান ও ওমান সফর করেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

আইআরএনএ জানায়, গতকাল সোমবার সকালে সেন্ট পিটার্সবার্গে পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে সেখানে গেছেন।

এর আগে রাশিয়ার সংবাদ সংস্থা ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাতে জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরিকল্পনা করেছেন পুতিন।

রাশিয়ায় ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালির বরাতে ইরানের আইএসএন সংবাদ সংস্থা জানিয়েছে, পুতিনের সঙ্গে বৈঠক করবেন আরাগচি। বৈঠকে তিনি আলোচনার সবশেষ অবস্থা, যুদ্ধবিরতি ও সাম্প্রতিক ঘটনাবলি তুলে ধরবেন। এ নিয়ে রুশ কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করবেন।