সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

রোববার (১৬ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প তিন দেশের এই উদ্যোগের প্রশংসা করেন।

ট্রাম্প জানান, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান শেষ পর্যন্ত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে সই করায় তিনি অত্যন্ত আনন্দিত।

তিনি বলেন, এই চুক্তি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বাড়তে থাকা ঐক্যের ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে এর মাধ্যমে দেশগুলো নিজেদের নিরাপত্তা আরও কার্যকর ও অর্থবহ উপায়ে নিশ্চিত করার সক্ষমতা অর্জন করবে বলে মন্তব্য করেন তিনি। চুক্তিটিকে তিনি একটি ‘বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ’ হিসেবেও উল্লেখ করেন।

এর আগে গত ৭ আগস্ট চুক্তিতে স্বাক্ষর করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

এ চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, তিন দেশের কোনো একটি সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে সেটিকে অন্য দুই দেশের বিরুদ্ধেও হামলা হিসেবে বিবেচনা করা হবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এর মূল লক্ষ্য হলো তিন দেশের সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা আরও শক্তিশালী করা।

চুক্তিতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান নিজেদের যৌথ নিরাপত্তা জোরদারের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে অভিন্ন অঙ্গীকার করেছে।