ব্যাটারিচালিত রিকশাগুলোকে নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নিবন্ধন পেতে হলে এসব রিকশার ব্যাটারি সৌরবিদ্যুৎ দিয়ে চার্জ করার শর্ত রাখা হচ্ছে। এখন থেকে সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎসের বিদ্যুৎ ব্যবহার করলে নিবন্ধন না দেওয়ার পাশাপাশি জরিমানার বিধানও রাখা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত রিকশার জন্য নিবন্ধন ব্যবস্থা চালু করা হবে। তবে নিবন্ধনের অন্যতম শর্ত হবে সৌরবিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারি চার্জ করা। অন্য কোনো উৎস থেকে বিদ্যুৎ নিয়ে রিকশা চার্জ করা হলে সেই রিকশার নিবন্ধন দেওয়া হবে না। এমনকি আগে নিবন্ধন থাকলেও তা নবায়ন করা হবে না।

মীর শাহে আলম বলেন, সৌরবিদ্যুতের বাইরে অন্য কোনো মাধ্যমে ব্যাটারি চার্জ করা হলে ব্যাটারিচালিত বা ই-রিকশার নিবন্ধন ও নবায়ন—কোনোটিই করা হবে না। এ ক্ষেত্রে জরিমানার ব্যবস্থাও রাখা হবে।

এখন থেকে এসব ই-রিকশার নিবন্ধন বিআরটিএ দেবে না উল্লেখ করে তিনি বলেন, সিটি করপোরেশন ও পৌরসভা নিবন্ধন দেবে। জাতীয় সংসদে এ বিষয়ে আইন পাশ হয়েছে এবং সেই আইনের আলোকে বিধিমালা তৈরি করা হচ্ছে। বিধিমালায় নিবন্ধন ফি, নবায়ন ফি এবং অন্যান্য শর্ত নির্ধারণ করা হবে।