ইউক্রেনে মার্কিন তৈরি ভারী অস্ত্রের একটি বিশাল চালান তুরস্কের মাধ্যমে সরবরাহের পরিকল্পনার তীব্র বিরোধিতা করে যুক্তরাষ্ট্র ও তুরস্ককে কড়া হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।
শনিবার (১৫ আগস্ট) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন, গোয়েন্দা সূত্রে জানা গেছে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ পাঠানোর উদ্যোগ নিয়েছে। এসব অস্ত্র প্রথমে তুরস্কের বন্দরে পৌঁছাবে, সেখান থেকে পরে ইউক্রেনে পাঠানো হবে।
জাখারোভা সতর্ক করে বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্কের কাছে যৌক্তিক ব্যাখ্যা চাওয়া হয়েছে। যদি সন্তোষজনক জবাব না আসে, তাহলে ওয়াশিংটন ও আঙ্কারার সঙ্গে মস্কোর কূটনৈতিক সম্পর্কে গুরুতর ক্ষতি হতে পারে।
চার বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সম্প্রতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ঘাটতিতে ভুগছিল কিয়েভ। এজন্য ক্ষেপণাস্ত্র সহায়তা চেয়ে সম্প্রতি ওয়াশিংটনে গিয়েছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ইউক্রেনকে আর অস্ত্র সহায়তা দেওয়া হবে না। তুরস্কও বিভিন্ন সময় বলে এসেছে, তারা এমন কোনো পদক্ষেপ নেবে না যা যুদ্ধকে আরও উসকে দেয়।
এদিকে গত কয়েক দিন ধরে রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সামারা প্রদেশে টানা হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। ওই অঞ্চলেই রয়েছে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রোসকসমসের স্থাপনা। শনিবার এক্সে এক বার্তায় জেলেনস্কি দাবি করেন, রোসকসমসের স্থাপনায় সফল হামলা চালানো হয়েছে এবং এতে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।