ডাকসুর উদ্যোগে এবং বাংলাদেশ গ্লোবাল হেল্থ এন্ড রিসার্চ ইনস্টিটিউট (বিজিএইচআরআই) এর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ সেশনের ৩০০জন শিক্ষার্থীকে নিয়ে ফার্স্ট এইড বুট ক্যাম্প অনুষ্ঠিত হয়। রোববার (১৬ আগস্ট) দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতন ও দক্ষ করে গড়ে তুলতে ডাকসুর কার্যনির্বাহী সদস্য মো. বেলাল হোসাইন অপু-এর ব্যবস্থাপনায় ফার্স্ট এইড বুট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রায় ৩০০ জন শিক্ষার্থী দুইটি শিফটে অংশগ্রহণ করেন।
কর্মসূচির প্রথম শিফটে ১৫০ জন শিক্ষার্থী এবং পরবর্তী শিফটে ১৫০ জন শিক্ষার্থী প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর জিএস এসএম ফরহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ। সেশন পরিচালনা করেন ডা. এসএম মুনিরা এবং ডা. শরিফুল ইসলাম।
এ ছাড়া আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে কর্মসূচির সার্বিক কার্যক্রম পরিচালনা করেন। ফার্স্ট এইড বুট ক্যাম্পের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের দুর্ঘটনা, আকস্মিক অসুস্থতা ও জরুরি পরিস্থিতিতে প্রাথমিকভাবে কীভাবে সহায়তা করা যায়—সে বিষয়ে ব্যবহারিক জ্ঞান ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা।
শিক্ষার্থীদের কল্যাণ ও জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে মো. বেলাল হোসাইনের উদ্যোগে এ আয়োজন করা হয়। শিক্ষার্থীদের বাস্তবজীবনে প্রয়োজনীয় জীবনরক্ষাকারী প্রাথমিক চিকিৎসা বিষয়ে দক্ষ করে তোলার পাশাপাশি ক্যাম্পাসে একটি সচেতন ও দায়িত্বশীল শিক্ষার্থী সমাজ গড়ে তোলাই ছিল এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
শিক্ষার্থীদের প্রয়োজন ও জনকল্যাণকে গুরুত্ব দিয়ে ডাকসু ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।