পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ চার কমিশনার একযোগে পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তারা তাদের পদত্যাগপত্র জমা দেন।
গত ২ জুন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠনের ঘোষণা দিয়েছিলেন, যার দুই দিনের মাথায় এই পদত্যাগ এলো।
দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে অস্থিরতা এবং কমিশনের অভ্যন্তরীণ সংকটের কারণে সাধারণ বিনিয়োগকারী ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন ও কর্মবিরতি করে আসছিলেন।
পদত্যাগপত্রে প্রত্যেকেই নিজ নিজ 'ব্যক্তিগত কারণ' উল্লেখ করেছেন বলে জানা গেছে।
বিএসইসি নতুন চেয়ারম্যান এবং ৪ জন কমিশনার নিয়োগের প্রক্রিয়া ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন নেতৃত্ব পর্ষদ গঠন করা হবে।
সরকার ও বাজার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএসইসির নতুন চেয়ারম্যান পদে একটি শীর্ষস্থানীয় বহুজাতিক কোম্পানির কর্মকর্তার নাম বেশ জোরেশোরে আলোচনায় রয়েছে। এছাড়া ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের বর্তমান চেয়ারম্যান মাসুদ খান এবং সাবেক বিএসইসি চেয়ারম্যান ফারুক আহমদ সিদ্দিকীসহ আরও কয়েকজন অভিজ্ঞ পেশাজীবীর নামও বিবেচনাধীন রয়েছে।